এসইসিতে নতুন দুজন সদস্য নিয়োগ পেলেন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আরও দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই সদস্য হলেন: বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন ও আইডিএলসি ফিন্যান্সের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়।এর আগে ২ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে এসইসির সদস্য নিয়োগ দেওয়া হয়। আর ১৫ মে সংস্থাটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেনকে।খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন পুঁজিবাজারবিষয়ক তদন্ত প্রতিবেদনে এসইসি পুনর্গঠনের যে সুপারিশ করা হয়েছিল, এর অংশ হিসেবেই সংস্থাটিতে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী।সচিব আরও জানান, আইনি বিষয়গুলো দেখার জন্য এসইসিতে আরও একজন সদস্য নিয়োগের চিন্তা রয়েছে সরকারের। উল্লেখ্য, ১৯৯৩ সালে এসইসি প্রতিষ্ঠার পর থেকে কখনোই চারজন সদস্য নিয়োগ দেওয়া হয়নি। এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে।যোগাযোগ করলে নতুন নিয়োগ পাওয়া সদস্য মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, অতি শিগগির তিনি এসইসিতে যোগ দেবেন। আরিফ খান বলেন, নিয়োগের চিঠি তিনি পেয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে যোগ দেওয়ার দিনক্ষণ ঠিক করবেন।