এসইসির আর্থিক সুবিধা প্রস্তাবে আপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাবের বিষয়ে আপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এটি সরাসরি কমিশন আইনের মধ্যে অন্তর্ভুক্ত না করে চাকরিবিধিতে অন্তর্ভুক্ত করা হোক। মন্ত্রণালয় এও বলছে, যে ব্যবস্থায় আর্থিক সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে, সেটির বাস্তবায়ন বেশ জটিল ও সময়সাপেক্ষ। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি মোটেও অবগত নই।’ যদিও আইন মন্ত্রণালয়ের আপত্তির আগেই এসইসির প্রস্তাবনা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিপির ৩০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তা প্রাপ্তির শর্ত হিসেবে এসইসির বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধিত) আইন-১৯৯৩-এ বেশ কিছু সংশোধনী চূড়ান্ত করে। এটি গত ২০ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনও করা হয়। সংশোধনীতে বলা হয়েছে, ‘কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, আর্থিক ও অন্যান্য সুবিধা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হইবে।’ তাতে আপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী, যদি বিষয়টি চাকরিবিধিতে অন্তর্ভুক্ত করা হয় সে ক্ষেত্রে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়াতে হলে অর্থ ও জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। এর ফলে বিষয়টি নিয়ে এক ধরনের দীর্ঘসূত্রতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবার এডিবির ঋণসহায়তা প্রাপ্তির ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে বলে এসইসি-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। পুঁজিবাজারের সুষ্ঠু নিয়ন্ত্রণ ও তদারকির স্বার্থে নিয়ন্ত্রক সংস্থার লোকবল বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়ানোর বিষয়টি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন এ খাতের সংশ্লিষ্ট সবাই। এ জন্য এসইসির বেতনকাঠামো পরিবর্তনেরও দাবি জানানো হয়। কেননা, বর্তমান বেতনকাঠামোয় অভিজ্ঞ ও দক্ষ লোকবল নিয়োগ করা অত্যন্ত দুরুহ। জানা গেছে, সংশোধিত এই আইনটি আবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে।