এসইসির এক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়াকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে সংস্থার পরিচালক রেজাউল করিমের দপ্তর পরিবর্তন করা হয়েছে।ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা আদায় ও কমিশনের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গতকাল মঙ্গলবার কমিশন এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এদিনই চিঠির মাধ্যমে দুই কর্মকর্তাকে কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।কমিশন সূত্র জানিয়েছে, গতকালই আনোয়ারুল কবীর ভূঁইয়ার হাতে থাকা সংস্থার বিভিন্ন বিভাগের দায়িত্ব অন্যদের মধ্যে পুনর্বণ্টন করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্ব কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে এবং সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেটস অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ (এসআরএমআইসি) বিভাগের দায়িত্ব সংস্থাটির পরিচালক মাহবুবুল আলমের হাতে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া কমিশনের পরিচালক রেজাউল করিমকে সার্ভিল্যান্স বিভাগ থেকে সরিয়ে সিএমআরআরসি বিভাগে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কমিশনের উপপরিচালক মাহমুদুল হক।এসইসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কমিশনের গোপন অনেক সিদ্ধান্ত পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে আগাম জানিয়ে দিয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে সরকারের একাধিক গোয়েন্দা প্রতিবেদনেও। সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে এসব প্রতিবেদন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে কমিশন গতকাল তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এমনকি তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কমিশন সূত্রে জানা গেছে।এর আগে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এসইসির সাবেক সদস্য মনসুর আলমের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব নিয়ে নেওয়া হয়। এমনকি সরকারের তরফ থেকে তাঁকে অনানুষ্ঠানিকভাবে পদত্যাগের কথাও বলা হয়। এর পরপ্রেক্ষিতে ১১ জানুয়ারি তিনি সদস্য পদ থেকে পদত্যাগ করেন।ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসইসির চেয়ারম্যানকে না জানিয়ে বাজারের জন্য অত্যন্ত সংবেদনশীল দুটি নির্দেশনা জারি করেছিলেন মনসুর আলম, যার ফলে বাজারে ব্যাপক দরপতন ঘটে।এদিকে শেয়ারবাজারে প্রচারণা আছে যে কমিশনের গুরুত্বপূর্ণ পদে থাকা আনোয়ারুল কবীরের সঙ্গে বাজারের বড় বড় বিনিয়োগকারীর যোগাযোগ ছিল এবং তাঁরা বিভিন্ন মূল্য সংবেদনশীল তথ্যও সংগ্রহ করতেন।আবার দীর্ঘদিন ধরে কমিশনের সার্ভিল্যান্স বিভাগের দায়িত্বে থাকার সুবাদে তিনি বাজারে একটি নিজস্ব বলয় তৈরি করেন বলেও অভিযোগ ওঠে। এ কারণে কমিশন একপর্যায়ে তাঁকে সার্ভিল্যান্স বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। সরকারের উচ্চপর্যায়েও তাঁর বিরুদ্ধে এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।জানা গেছে, আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিরুদ্ধে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোতে (বর্তমান দুর্নীতি দমন কমিশন) মামলাও হয়েছিল। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, এসইসিতে তাঁর নিজের এক নিকটাত্মীয়কে চাকরি পাইয়ে দিতে তিনি অন্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করেছেন।টেলিফোনে যোগাযোগ করা হলে আনোয়ারুলকবীর তাঁকে ওএসডি করার বিষয়টি স্বীকার করেন।