এসইসির কাছে বিনিয়োগকারীদের ১০ দাবি
উদ্যোক্তা-পরিচালকদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের আলোকে বাজারে পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ বুধবার বিকেলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এসইসির চেয়ারম্যানের কাছে এই দাবিগুলো তুলে ধরা হয়। বাজারের বর্তমান প্রেক্ষাপটে দাবিগুলো তুলে ধরা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠিতে এই ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের আলোকে বাজারে পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত প্রচার এবং করণীয়গুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা, এসইসি ঘোষিত প্রণোদনা প্যাকেজের সব মেয়াদি প্রস্তাবনাগুলো বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ করা, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা।চিঠিতে আরও যেসব দাবি করা হয়েছে, তা হলো প্রবাসী বিনিয়োগকারীদের কর-রেয়াত সুবিধা বাস্তবায়ন করা, আসন্ন বাজেটে কেবল পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া, বাজেটে পুঁজিবাজারের ওপর কোনো প্রকার কর আরোপ করা যাবে না, আসন্ন আইপিওগুলোতে উচ্চহারে প্রিমিয়াম বন্ধ করা, বাজারের সার্বিক প্রেক্ষাপটে এসইসিকে অধিকতর ও যথাযথ ভূমিকা পালন করা এবং দ্রুত বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করা, সাধারণ সূচকের সর্বনিম্ন সীমা ৬০০০ নির্ধারণ করা।