এসইসির চেয়ারম্যান নিয়োগের খবরে চাঙা পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান নিয়োগের খবরে ইতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনও।বাজার বিশ্লেষকেরা বলছেন, এসইসির চেয়ারম্যানের নিয়োগের খবরে আজ অনেক বিনিয়োগকারী, যাঁরা বাজার থেকে দূরে রয়েছেন, তাঁরা আজ আবার বাজারে সক্রিয় হন। এর ফলে বাজারে আজ সারা দিনই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে অনেক বিনিয়োগকারী এখনো বাজার থেকে দূরে রয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৭৫ পয়েন্ট বেড়েছে। দিনের শুরুতে সূচক ১০৮ পয়েন্ট বাড়লেও বেলা সাড়ে ১১টার দিকে সূচক কিছুটা কমে আসে। এরপর আবারও সূচক বাড়তে থাকে, যা সারা দিনই অব্যাহত থাকতে দেখা যায়। ডিএসইতে আজ ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ২১৬টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। ডিএসইতে আজ ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১১৪ কোটি টাকা বেশি। ডিএসইতে আজ তালিকাভুক্ত ব্যাংক, বিমা, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি, খাদ্য ও সেবা, মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতে চাঙাভাব দেখা যায়।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সিমকো লিমিটেড, আফতাব অটো, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স, তিতাস গ্যাস, বে লিজিং, লঙ্কা-বাংলা ফিন্যান্স, ইউনাইটেড এয়ারওয়েজ ও আরএকে সিরামিকস।আজ সবচেয়ে বেশি বেড়েছে পূরবী জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া বিজিআইসি, ইউনিয়ন ক্যাপিটাল, স্কয়ার টেক্সটাইল, উত্তরা ফিন্যান্স, লঙ্কা-বাংলা ফিন্যান্স, পিপলস লিজিং, বিডি ফিন্যান্স, এশিয়া ইনস্যুরেন্স ও প্রাইম ফিন্যান্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে কেপিসিএলের শেয়ারের দাম। এ ছাড়া রূপালী ইনস্যুরেন্স, সপ্তম আইসিবি, ইস্টার্ন লুব্রিকেন্টস, কনফিডেন্স সিমেন্ট, বিডি ল্যাম্পস, ওয়ান ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, লাফার্জ সুরমা ও অ্যাকটিভ ফাইন দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪৬.৫৩ পয়েন্ট বেড়ে ১৬১২০.৯৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭১টি, কমেছে ১২টি ও অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে মোট হয়েছে মোট ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি। সিএসইতেও আজ সারা দিন ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।