এসইসির তিনটি বিধির ওপর জনমত জরিপের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে সংশ্লিষ্ট তিনটি বিধির প্রস্তাবিত সংশোধনীর ওপর জনমত জরিপের আহ্বান জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল মঙ্গলবার এসইসির ওয়েবসাইটে সংস্থাটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।বিধি তিনটি হলো মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, ১৯৯৬; স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা, ২০০০ এবং এসইসি (ইস্যু অব ক্যাপিটাল), ২০০১। প্রস্তাবিত এসব বিধিমালার সংশোধনীর ওপর আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বাজার-সংশ্লিষ্টরা মতামত দিতে পারবেন।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর ক্ষেত্রে পরিচালনা পর্ষদে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের অংশগ্রহণের বিষয়ে সংশোধনী আনা হয়েছে।এতে বিদ্যমান ‘৬ ক’ ধারা বাতিল করে নতুন বিধি প্রতিস্থাপিত করার প্রস্তাব করা হয়েছে। নতুন এই বিধিতে বলা হয়েছে, ‘কতিপয় ক্ষেত্রে পরিচালক পর্ষদ গঠনজনিত কারণে আবেদন না মঞ্জুর—মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার নিবন্ধন সনদের জন্য আবেদনকারী কোনো কোম্পানি হলে তার আবেদন নামঞ্জুর হবে, যদি তার পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ৫০%-এর বেশি তার উদ্যোক্তা কোম্পানির পরিচালক পর্ষদের সদস্য হন।’এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর ক্ষেত্রে স্টক ব্রোকার বা স্টক ডিলার সনদ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদে উদ্যোক্তা কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যের অংশগ্রহণ সীমিত করে দেওয়া হয়েছে।প্রস্তাবিত নতুন (৫ক) বিধিতে বলা হয়েছে, ‘কতিপয় ক্ষেত্রেও পরিচালক পর্ষদ গঠনজনিত কারণে আবেদন নামঞ্জুর—স্টক ডিলার বা স্টক ব্রোকার নিবন্ধন সনদের জন্য আবেদনকারী কোনো কোম্পানি হলে তার আবেদন নামঞ্জুর হবে, যদি তার পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ৫০%-এর বেশি তার উদ্যোক্তা কোম্পানির পরিচালক পর্ষদের সদস্য হন।’সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইস্যু অব ক্যাপিটাল) বিধিমালা, ২০০১-এর প্রস্তাবিত সংশোধনীতে কোনো কোম্পানির মূলধন বৃদ্ধির অনুমোদনের জন্য এসইসিতে আবেদন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের অর্থ কোম্পানির হিসাবে জমা হওয়ার প্রমাণপত্র পেশ বাধ্যতামূলক করা হয়েছে।বিধমালার ৩ নম্বর বিধিতে একটি নতুন উপবিধি (জি) যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পরিশোধিত মূলধনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার প্রমাণস্বরূপ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার সত্যায়িত ব্যাংকার সার্টিফিকেট বা ব্যাংক ঘোষণা (স্টেটমেন্ট) অথবা নিরীক্ষকের সনদ জমা দিতে হবে।