পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গাফিলতির কারণে শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। সংস্থাটির দায়িত্বহীনতার কারণে ইস্যুয়ার কোম্পানি, ইস্যু ম্যানেজার, ব্রোকার ডিলার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ভ্যালুয়ার কোম্পানি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে। এসইসি আরও সক্রিয় থাকলে এমনটি হতো না। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সরকারি ও বিরোধী দলের যাঁরা শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের মাধ্যমে পুঁজিবাজারে কারসাজির ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ‘বিষয়টি অনৈতিক হলেও আইনের মধ্যেই এগুলো ঘটেছে।’ দীর্ঘ দুই মাস তদন্ত শেষে আজ বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রীর বাসভবনে প্রতিবেদন পেশ করার পর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।ইব্রাহিম খালেদ বলেন, কারসাজির মাধ্যমে কিছু টাকা বিদেশে পাঠানোর তথ্য পাওয়া গেছে। জেম গ্লোবাল নামে একটি কোম্পানি বিডি থাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এই টাকা বিদেশে পাঠায়। তবে টাকার অঙ্ক পাওয়া যায়নি।বুক বিল্ডিং পদ্ধতির ব্যাপারে ইব্রাহিম খালেদ বলেন, বুক বিল্ডিং পদ্ধতি খারাপ নয়। তবে বাংলাদেশে এর অপপ্রয়োগ করা হয়েছে। এ ছাড়া প্লেসমেন্টের ব্যাপারে তিনি বলেন, এটা একটি ভয়াবহ ব্যাপার। এর মাধ্যমে সমাজের একটি বড় অংশকে অসত্ করে ফেলা হয়েছে। এটা একটি দুর্নীতি। এসইসি, আইসিবিসহ বিভিন্ন সরকারি মহল এর সঙ্গে জড়িত। ওপর মহলকে খুশি করার জন্য ঘুষ হিসেবে এটা দেওয়া হয়, যা বেআইনি। দুটি হিসাবে ১৯ কোটি টাকা প্লেসমেন্ট বাণিজ্যের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, তদন্তের সময় কিছু ইনসাইডার ট্রেডিংয়েরও সন্ধান পাওয়া গেছে।তদন্ত কমিটির সুপারিশ সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম খালেদ বলেন, এসইসি সম্পূর্ণরূপে পুনর্গঠন করতে হবে। সেখানে লোকবল বাড়াতে হবে। এ ক্ষেত্রে যোগ্য ও নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে, যাঁদের সঙ্গে বাজারে প্রভাব বিস্তারকারীদের সঙ্গে সম্পর্ক থাকবে না।ইব্রাহিম খালিদ আরও বলেন, বুক বিল্ডিং পদ্ধতির সংস্কার করতে হবে। বর্তমানে এই পদ্ধতির অপব্যবহার হচ্ছে। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে ডিএসই ও সিএসইর ডিমিউচুয়ালাইজেশনেরও সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান। সরকারও এটা চান। সুতরাং ডিমিউচুয়ালাইজেশন করার এখনই উপযুক্ত সময়। এটা হলে ব্রোকার ডিলাররা ব্যবস্থাপনার কাজে অংশ নেবেন না।প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। পরে আরেকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বারী ও ব্যারিস্টার নিহাদ কবির। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়।