এসইসির নজরদারি নিয়ে প্রশ্ন তদন্ত কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান চিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নজরদারি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শেয়ারবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে।প্রতিবেদনের ‘কেস স্টাডি’ অংশে তদন্ত কমিটির পক্ষ থেকে এ প্রশ্ন তোলা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের জানুয়ারি মাসে কোম্পানিটির শেয়ারমূল্য ছিল কম-বেশি ১০০ টাকা। মার্চ মাস থেকে এটি বাড়তে থাকে। অক্টোবর মাস থেকে শেয়ারের দাম বাড়ার রেখাচিত্রটি খাড়াভাবে বাড়তে দেখা যায়। চলতি বছরের ৬ জানুয়ারি যা বেড়ে ছয় হাজার ৫০০ টাকায় পৌঁছায়।প্রতিবেদনে বলা হয়েছে, পুঁজিবাজারে এ সময় সাধারণ ধস নামলেও ওই দিন চিটাগাং ভেজিটেবলের মূল্যবৃদ্ধি ছিল অব্যাহত। অথচ ২০০৯ সালে কোম্পানির ব্যবসা বন্ধ ছিল এবং কোম্পানিটি ২০০৮ ও ২০০৯ সালে ক্রমাগত বড় অঙ্কের লোকসান দিয়েছিল। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক লেনদেনের জন্য নিয়ন্ত্রক সংস্থা এসইসি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। কিন্তু কোম্পানি ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ায় ‘জেড’ থেকে ‘এ’ শ্রেণীতে উন্নীত করা হয়।এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের ২ ফেব্রুয়ারি কোম্পানির ঘোষণা থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০০৯ সমাপ্ত অর্ধবার্ষিক হিসাবে কোম্পানি দুই কোটি ৩৬ লাখ টাকা লোকসান দিয়েছে। এ সময় শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ঋণাত্মক (২৩ টাকা ৬০ পয়সা)। এর আগের অর্থবছরে লোকসান ছিল ২৩ লাখ টাকা এবং ইপিএস ছিল ঋণাত্মক (দুই টাকা ৩৪ পয়সা)। প্রতিবেদন অনুসারে, লাভ-লোকসান হিসাব থেকে প্রতীয়মান হয়, এ সময় কোম্পানির কোনো লেনদেন বা বিক্রি ছিল না। দুই কোটি ২৭ লাখ টাকার মজুদ নষ্ট বা স্টক ড্যামেজ দেখানো হয়েছে। আগের বছর যার পরিমাণ ছিল এক কোটি ৪৭ লাখ টাকা। স্বভাবতই কোম্পানিটি ছিল ‘জেড’ শ্রেণীতে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২ মে এসইসির এক চিঠির জবাবে কোম্পানি জানিয়েছিল, বিশ্ববাজারে উচ্চমূল্যের কারণে কোম্পানির উৎপাদন ও বিপণন ছিল বন্ধ, তাই লোকসান হচ্ছে।এরপর ২০১০ সালের ৩১ সেপ্টেম্বর এসইসির সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির শেয়ার অজড়করণ (ডিম্যাট) করা হয়।এর দুই মাস পর কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১০ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এ সময় কোম্পানির ইপিএস ২১ টাকা ৬৯ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৩৭ টাকা ১৪ পয়সা এবং প্রকৃত পরিচালন নগদ প্রবাহ দেখানো হয় ২৩ টাকা ৬৪ পয়সা।পরবর্তী সময়ে কোম্পানির অনুমোদিত মূলধন ৩০ কোটি থেকে ১৫০ কোটি টাকায় উন্নীত করা এবং শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি পর্যালোচনা করলে কয়েকটি প্রশ্ন ওঠে। এগুলো হলো: ২০০৮-০৯ অর্থবছরে ক্রমাগত লোকসানের পর ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত কি যৌক্তিক? ২০১০ সালের হিসাবপত্রে কী সাজানো হয়েছিল? ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা কি বাজার উত্থানে সহায়তার জন্য? ২০১০ সালের ২ মে ঘোষণায় বলা হয়েছে, কোম্পানিকে পেট্রোকেমিক্যাল রিফাইনারিতে রূপান্তর করা হবে। কোম্পানির উদ্দেশ্য পরিবর্তন কি যথাযথভাবে করা হয়েছিল? সিদ্ধান্তটি কি বাস্তবায়িত হয়েছিল? ২০১০ সালের নভেম্বর ও ডিসেম্বরে ব্যাপক সুবিধাভোগী লেনদেন বা ‘ইনসাইডার ট্রেডিং’ ঘটেছিল কি? এসইসি এ বিষয়ে কোনো নজরদারি করেছিল কি? করা উচিত ছিল কি?