এসইসির নতুন চেয়ারম্যান আজ-কালের মধ্যেই
আজ রোববার বা কাল সোমবারের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান ও বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হতে পারে।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে গতকাল শনিবার এ তথ্য জানা গেছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও এসইসির চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করার কাজে গতকাল এ বিভাগ খোলা রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে যাওয়ার আগেই এসইসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে যাবেন। আজ রোববার ভোরে প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা। সূত্র জানায়, এসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে সরকারি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যানের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিবাচক মতামত অর্থ মন্ত্রণালয়ে গেছে। তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য যে সংক্ষিপ্ত তালিকা করা হয়, বিনিয়োগ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পাশাপাশি তাতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বাংলাদেশের (আইসিএবি) একজন এবং বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরেরও নাম ছিল বলে জানা গেছে।একটি সূত্রে জানা গেছে, এসইসির বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তবে তিনি সশরীরে অর্থ মন্ত্রণালয়ে উপস্থিত না হয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর কাছে লোকমারফত ওই দিন তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব গতকাল তা স্বীকার করেননি। তবে পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে এসইসি পুনর্গঠনের যে সুপারিশ করা হয়েছিল, তা মেনে নিয়েই সংস্থাটির পুনর্গঠন করা হচ্ছে বলে প্রথম আলোকে জানান তিনি। একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে এসইসি গঠিত হওয়ার কথা থাকলেও ১৯৯৩ সালে গঠনের পর কখনোই সংস্থাটিতে চারজন সদস্য নিয়োগ দেওয়া হয়নি। সচিব জানান, পুঁজিবাজারকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এবার প্রথমবারের মতো এই সংস্থায় চারজন সদস্য নিয়োগ দেওয়ার উদ্যোগ রয়েছে সরকারের। প্রসঙ্গত, ২ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন নিজামীকে এসইসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে সংস্থাটির একমাত্র সদস্য। এর আগে বিভিন্ন অভিযোগের কারণে পদত্যাগ করেন মনসুর আলম। আর সম্প্রতি অন্য দুই সদস্য মো. আনিসুজ্জামান ও ইয়াছিন আলীকে পদত্যাগ করতে বাধ্য করে সরকার। জানা যায়, হেলাল উদ্দিন নিজামীকে নিয়োগ দেওয়ার আগে এসইসির সদস্য হিসেবে বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়ার কার্যক্রম চূড়ান্ত করা হয়েছিল। অর্থমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) মন্ত্রণালয় চুক্তি করবে, তাই খানিকটা দেরি হচ্ছে। সূত্র জানায়, এসইসির আইনবিষয়ক সদস্য হিসেবে নিয়োগ দিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক খোঁজা হচ্ছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছে অর্থ মন্ত্রণালয়। আর চতুর্থ সদস্য হিসেবে সরকারের চাওয়া হলো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ)।যোগাযোগ করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, এসইসি পুনর্গঠন করতে সরকার বদ্ধপরিকর এবং পুনর্গঠিত এসইসি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তদন্ত কমিটির সুপারিশ ও মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ বাস্তবায়ন করতে এসইসি পুনর্গঠনের পর একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান শফিকুর রহমান পাটোয়ারী।