এসইসির নানামুখী প্রয়াসের সপ্তাহ
দেশের পুঁজিবাজার আরও একটি আলোচিত সপ্তাহ পার করল। ধারাবাহিক দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সরকারের উচ্চমহলের সঙ্গে বৈঠক ছাড়াও নানামুখী উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপে সপ্তাহের শেষ দুই দিনে ধারাবাহিক দরপতনের বৃত্ত থেকে ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। এতে সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা বেড়েছে। তবে বাজারের অন্য সূচকগুলো ছিল নিম্নমুখী। জানা গেছে, বাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে এসইসির চেয়ারম্যান আলাদা আলাদা বৈঠক করেন। তারই পরিপ্রেক্ষিতে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে এসইসি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকসহ নানামুখী পদক্ষেপ নেয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগের সপ্তাহে শেয়ারবাজারে এক দিন কম লেনদেন হয়েছিল। আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবসই বাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। এ কারণে আগের সপ্তাহের চেয়ে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই ডিএসইতে দরপতন ঘটেছে। বড় ধরনের দরপতন দিয়েই সপ্তাহটি শুরু হয়েছিল, যা নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে ভাবিয়ে তোলে। দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। সপ্তাহজুড়েই তাঁরা রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এমন অবস্থায় বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসইসিকে নির্দেশ দেওয়া হয়। বুধবার সংবাদ সম্মেলন করে এসইসির চেয়ারম্যান সরকারের এমন মনোভাবের কথা জানান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয় এসইসি। তারই অংশ হিসেবে এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ আরও কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করে। এনবিআরের কাছে পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য যেসব প্রণোদনা চাওয়া হয়েছে, সেসবের মধ্যে আছে বিনিয়োগের ওপর কররেয়াত-সুবিধা পুনর্বহাল, ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত কর কমানো এবং বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ। এ ছাড়া গত সপ্তাহে পুঁজিবাজারের আলোচিত পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ডের’ ইউনিট বিক্রি শুরু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই বিক্রয়-কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই বেসরকারি খাতের দুই ব্যাংকের কাছে ৪০ কোটি টাকার ইউনিট বিক্রি করা হয়। ডিএসইতে বড় দরপতন দিয়েই সপ্তাহটি শুরু হয়। সপ্তাহের প্রথম দিনেই ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯৫ পয়েন্ট কমে যায়। মঙ্গলবার পর্যন্ত দরপতনের ধারা ছিল অব্যাহত। তবে বুধবার এসইসি সংবাদ সম্মেলন করে শেয়ারবাজার নিয়ে সরকারের মনোভাবের কথা তুলে ধরলে ওই দিনই শেষবেলায় বাজারের চিত্র কিছুটা পাল্টে যায়। বুধবার লেনদেন শুরুর পরপরই দেড় শ পয়েন্টের বেশি সূচক কমলেও দিন শেষে তা ঘুরে দাঁড়ায়, যা সপ্তাহের শেষদিনও অব্যাহত ছিল। কিন্তু শেষ দুই দিনের ঊর্ধ্বগতির পরও সূচক আগের সপ্তাহের অবস্থান ছাড়াতে পারেনি। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় পৌনে তিন শতাংশ বা ১৫৯ পয়েন্ট কমে নেমে এসেছে পাঁচ হাজার ৫৬৮ পয়েন্টে। বিশ্লেষকেরা বলছেন, গত সপ্তাহে এসইসি যেসব পদক্ষেপ নিয়েছে তাতে বিনিয়োগকারীরা কিছুটা হলেও আশাবাদী হয়েছেন। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হতে হবে। নতুন সপ্তাহেও এসইসির উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত সপ্তাহজুড়ে ডিএসইতে ২৭১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। তার মধ্যে ২২৩টিরই দাম কমেছে আর বেড়েছে ৩১টির। গত সপ্তাহে ঢাকার বাজারে প্রায় এক হাজার ৫৯৫ কোটি টাকার লেনদেন হয়, আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন প্রায় ২৬৩ কোটি টাকা বেড়েছে।