পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নাম বদলে গেছে। সংস্থাটির নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। একই সঙ্গে বদলে গেছে সংস্থাটির সদস্যদের পদবিও। এখন থেকে সংস্থাটির সদস্যরা পরিচিত হবেন কমিশনার হিসেবে। সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন-২০১২-এর অধীনে এ পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যে আইনটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। গেজেট প্রকাশের পর সংস্থাটির নামফলকে পরিবর্তন আনা হয়। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংক্ষিপ্ত নাম বিএসইসি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, বিএসইসি নামে সরকারি আরেকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচিত। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সংক্ষিপ্ত নাম বিএসইসি। বিএসইসি নামেই এ সংস্থাটি দীর্ঘদিন ধরে পরিচিত। এর আগে কমিশনের পক্ষ থেকে সংস্থাটির নতুন নাম হিসেবে প্রস্তাব করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব বাংলাদেশ বা সংক্ষেপে এসইসিবি। শেষ পর্যন্ত অবশ্য বিএসইসি করা হলো। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের সংশোধনী খসড়া প্রস্তাবটি যখন আইন মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠানো হয়, তখনই আইন মন্ত্রণালয় সংস্থাটির নতুন নাম দিতে চেয়েছিল বিএসইসি। শেষ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের প্রস্তাবটি চূড়ান্ত হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে কোনো ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কর্তৃপক্ষ থেকে সিকিউরিটিজ লেনদেন-সম্পর্কিত তদন্তাধীন ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য ও রেকর্ড তলব করতে পারবে এ সংস্থা। এত দিন সংস্থাটির সেই এখতিয়ার ছিল না। এ ছাড়া অস্থায়ী বা স্বল্প সময়ের জন্য কমিশন পরামর্শক বা উপদেষ্টা নিয়োগের ক্ষমতা পেয়েছে। সেই সঙ্গে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নতুন বিধান সংযোজিত হয়েছে। এর বাইরে পুঁজিবাজার নিয়ন্ত্রণে ১৯৬৯ সালের যে অর্ডিন্যান্স-বলে সংস্থাটিকে যেসব ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই অর্ডিন্যান্সটি অবশেষে আইনে পরিণত হয়েছে। সেটির নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন-২০১২। আগে এটির নাম ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯। এই অর্ডিন্যান্সে প্রদত্ত ক্ষমতাবলে সংস্থাটি পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে থাকে। অর্ডিন্যান্স থেকে আইনে পরিণত হওয়া এই সংশোধনীতে পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান সংযোজন করা হয়েছে। একই সঙ্গে কমিশনের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বা সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের কেউ কমিশনের কোনো গোপন তথ্য প্রকাশ করলে এবং সুবিধাভোগী লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য জেল-জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।