এসইসির নির্দেশনা বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা নির্দেশনাকে বৈধ বলে রায় দিয়েছেন আদালত। দুই দিন শুনানি শেষে গতকাল সোমবার সকালে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়েগঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে এসইসির নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা তিন কোম্পানির পরিচালকদের রিট আবেদন খারিজ হয়ে গেল। রায়ে আদালত বলেছেন, ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি যে নির্দেশনা জারি করেছে, সেটি আইনসংগত। রায়ের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম সাংবাদিক-দের বলেন, ‘আদালতের রায়ের ফলে এসইসির জারি করা আদেশই বহাল থাকবে। এতে করে যেসব পরিচালক নির্ধারিত সময়ে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হবেন, তাঁরা পরিচালক পদ হারাবেন।’ মাহবুবে আলম আরও বলেন, বাজারে স্থিতিশীলতা ও স্বচ্ছতা আনতে এবং কোম্পানির জবাবদিহি বাড়ানোর জন্য ২সিসি ক্ষমতা যুক্ত করা হয়েছিল। এতে বিনিয়োগকারী বা পরিচালক কারোরই ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। আদালতের রায়ের ফলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন মাহবুবে আলম। এসইসির পক্ষে নিযুক্ত রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, ২সিসির বিধান অনুযায়ী শেয়ার ধারণের বিষয়ে এসইসির এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ক্ষমতা আছে বলে আদালতের রায়ে বলা হয়েছে। রিটকারীরা যেহেতু ২সিসি ও আইনকে চ্যালেঞ্জ করেননি, তাই ২সিসি বৈধ আইনেরই বিধান। সুতরাং বৈধ আইনে এই ধরনের প্রজ্ঞাপন জারি করাটা অবৈধ নয় বলে আদালত জানিয়েছেন। বিনিয়োগকারীদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী শেখ ফজলে নূর তাপস বলেন, আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, যেসব পরিচালক উচ্চমূল্যে শেয়ার বিক্রি করে দিয়েছেন, তাঁরা সঠিক কাজ করেননি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন আদালত। শেখ ফজলে নূর আরও বলেন, যেসব শেয়ারধারী প্রয়োজনীয় শেয়ার ধারণ করবেন, তাঁরাও নতুন করে কোম্পানি পরিচালনার সঙ্গে যুক্ত হতে পারবেন। এসইসির নির্দেশনা অনুযায়ী, যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এককভাবে ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার হাতে থাকবে না, তাঁরা পরিচালক পদ হারাবেন। কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওই শূন্য পদ পূরণ করা হবে। সে ক্ষেত্রে যাঁদের হাতে কোম্পানির ৫ শতাংশ শেয়ার থাকবে, তাঁরা ওই শূন্য পদের বিপরীতে পরিচালক হওয়ার যোগ্য বিবেচিত হবেন। গতকাল সকালে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রায় এক ঘণ্টা সময় ধরে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সেখানে আইনজীবীরা ছাড়া এসইসির একজন সদস্য, ডিএসইর সভাপতি রকিবুর রহমান, সিএসইর সভাপতি আল মারুফ খানসহ কয়েকজন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই উপস্থিত বিনিয়োগকারীরা আদালতের বারান্দায় তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে আদালতের রায়কে স্বাগত ও যুগান্তকারী বলে অভিমত দিয়েছেন দুই স্টক এক্সচেঞ্জের সভাপতি। তবে রায়ের পর এ নিয়ে কোনো মন্তব্য করেনি এসইসি। পরে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না।’ অপরদিকে, ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনায় যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেটি নিয়েও একধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। গত বছরের ২২ নভেম্বর এসইসি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। তবে সেটি গেজেট আকারে প্রকাশ হয় আরও পরে। ফলে নির্দেশনা জারির পর, নাকি গেজেট প্রকাশের পর থেকে বেঁধে দেওয়া সময়সীমার হিসাব করা হবে, তা নিয়ে বাজারে বিভ্রান্তি দেখা দিয়েছে। এসইসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।