এসইসির নির্দেশনা মানতে কোটা পূরণে ব্যস্ত পরিচালকেরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির কমপক্ষে ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে কমপক্ষে ২ শতাংশ শেয়ারের মালিক হতে হবে। গত বছরের ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।এসইসির নির্দেশনার পর ৩০ শতাংশের কম শেয়ারধারী উদ্যোক্তা-পরিচালকেরা নতুন করে শেয়ার কেনা শুরু করেছেন। তবে অনেকে নিয়ম অনুযায়ী নিজের পরিবারের সদস্যদের মধ্যেও শেয়ার হস্তান্তর ও গ্রহণ করছেন। এসইসির নির্দেশনার পর এ পর্যন্ত তিনজন পরিচালক পাঁচ কোটি ৫৮ লাখ পাঁচ হাজার ৩২৬টি শেয়ার হস্তান্তর করেছেন। এ ছাড়া আরও চারজন উদ্যোক্তা-পরিচালক এক কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৮১৬টি শেয়ার পরিবারের সদস্যদের কাছ থেকে গ্রহণ করেছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানা যায়, এসইসির নির্দেশনা জারির পর মোট সাতজন উদ্যোক্তা-পরিচালক শেয়ার হস্তান্তর বা গ্রহণ সম্পন্ন করেছেন। এ ছাড়া দুজন পরিচালক নিজ কোম্পানির শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন।পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের অন্যতম উদ্যোক্তা-পরিচালক শফিউল ইসলাম তাঁর মেয়ে ফারহানা ইসলামকে গত ৯ জানুয়ারি ১০ লাখ শেয়ার হস্তান্তর করেন। তিনি ৫ জানুয়ারি এই শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড কেপিসিএলের পাঁচ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৩২৬টি শেয়ার সামিট পাওয়ার লিমিটেডকে হস্তান্তর সম্পন্ন করেছে। ৪ জানুয়ারি কেপিসিএলের পক্ষ থেকে ডিএসইর ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়।আফতাব অটোমোবাইলসের অন্যতম উদ্যোক্তা-পরিচালক শফিউল ইসলাম তাঁর স্ত্রী খালেদা ইসলাম, ছেলে সাইফুল ইসলাম ও সাজেদুল ইসলাম, মেয়ে ফারহানা ইসলামকে তাঁর কাছে থাকা আট লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।এদিকে পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক মোস্তফা শাহরিয়ার আহমেদ তাঁর বাবা মনির আহমেদের কাছ থেকে এক কোটি ৪৪ লাখ ২৪ হাজার ০৬৬টি শেয়ার গ্রহণ করেছেন।এনসিসি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক নুরুল নেওয়াজ তাঁর স্ত্রী শাহেদা আকতার, মেয়ে শামিমা নেওয়াজ ও শাকিলা নেওয়াজের কাছ থেকে ২৬ লাখ শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন ১১ জানুয়ারি। একই ব্যাংকের আরেক পরিচালক আবুল বাশার তাঁর মা ফাতেমা খাতুন, বোন সাজিয়া আওয়াল ও ভাই আসিফ মাহমুদের কাছ থেকে ১৯ লাখ ২৬ হাজার ৫০০টি শেয়ার গ্রহণ করেছেন।অ্যাপেক্স ট্যানারির পরিচালক মঞ্জুর এলাহি তাঁর স্ত্রী নিলুফার মঞ্জুর ও মেয়ে মুনিজ মঞ্জুর খসরুর কাছ থেকে দুই লাখ ৩৩ হাজার ২৫০টি শেয়ার ক্রয় করেছেন।অন্যদিকে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালক শওকত আলী ৬৯ লাখ এবং পূবালী ব্যাংকের হাবিবুর রহমান এক কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৪৩১টি শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন ডিএসইর ওয়েবসাইটে।এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী প্রথম আলো অনলাইনকে বলেন, পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর বা গ্রহণ আইনসিদ্ধ। এতে কোনো সমস্যা নেই। তবে আইন অনুযায়ী পরিবারের বাইরের কোনো লোকের কাছে শেয়ার হস্তান্তর বা কারও কাছ থেকে শেয়ার গ্রহণ করা যাবে না।