এসইসির নির্দেশনাকে পূর্ণ সমর্থন ডিএসইর
কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিচালকের দুই শতাংশ শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক ব্রিফিংয়ে ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান এ কথা জানান। এর আগে ডিএসইর বোর্ডসভা অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে কোনো ধরনের চাপের মুখে এসইসির ওই নির্দেশনা থেকে পিছপা না হওয়ারও আহ্বান জানান রকিবুর রহমান। গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে এসইসি।রকিবুর রহমান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় তিন হাজার পরিচালকের মধ্যে প্রায় এক হাজার ৫০০ পরিচালকের ব্যক্তিগতভাবে ধারণকৃত শেয়ারসংখ্যা দুই শতাংশের কম। তিনি বলেন, এসব পরিচালক আইনের আওতায় থেকে অনৈতিক কাজ করেছেন। তাঁরা অনেক বেশি দামে শেয়ার বিক্রি করেছেন। তবে এখন শেয়ারের দাম অনেক কমেছে। এই মুহূর্তে তাঁদের উচিত, এসইসির নির্দেশনা মেনে নিয়ে শেয়ার ক্রয় করা। আর তাঁরা এগিয়ে এলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। বাজার স্থিতিশীল হবে। তিনি আরও বলেন, শেয়ারবিহীন কেউ কোনো কোম্পানির পরিচালক হতে পারবেন না।এ সময় গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত গোলটেবিল আলোচনায় কিছু বক্তব্যের সমালোচনা করা হয়।এ ছাড়া প্লেসমেন্টে বিনিয়োগকারীদের তিন হাজার কোটি টাকা আটকে আছে বলে জানান রকিবুর রহমান। এটা ঝুলিয়ে না রেখে এসইসিকে সংশ্লিষ্ট কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আহ্বান রাখেন রকিবুর রহমান।