এসইসির নির্দেশনার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দেননি: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এককভাবে নিজ কোম্পানির কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ জারি করেনি হাইকোর্ট। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মাহবুবে আলম বলেন, হাইকোর্ট এ নির্দেশনার চার সপ্তাহের রুল জারি করেছেন। তবে কোনো স্থগিতাদেশ জারি করেননি।এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে আমরা বিষয়টি সমাধানে সফল হব।’ বিনিয়োগকারীরা হাইকোর্টের এ বিষয়টি সঠিকভাবে বুঝবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, গতকাল রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা বা পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা দুই ভাগ শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গতকাল হাইকোর্টে রিটটি দায়ের করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মাসুদা বেগমের স্বামী শেখ আবদুল মোমিন।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী মো. রিয়াজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।