এসইসির প্রজ্ঞাপন নিয়ে রিটের শুনানি কালও চলবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি কাল বৃহস্পতিবারও চলবে। আজ বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এ-সংক্রান্ত দুটি রিটের শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আজ দুটি রিটের শুনানি হয়েছে। এর মধ্যে একটিতে অংশ নেন আইনজীবী ফিদা এম কামাল এবং অন্যটিতে অংশ নেন আইনজীবী এম জহির। তিনি আরও বলেন, আজকের শুনানি শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। কাল অন্য দুটি রিটের শুনানি অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, এসইসির ওই প্রজ্ঞাপন নিয়ে গত ৮ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক শেখ আবদুল মোমিন রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে আদালত একটি রুল জারি করেন। পরে ৮ মে একই বিষয়ে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ১১ জন পরিচালক ও ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুই পরিচালক এ কাদের চৌধুরী এবং রিজিয়া ইউনূস হাইকোর্টে রিট করেন। ওই দিন আদালতে রিটের শুনানি শেষে আদালত সব রিটের জবাব ১৮ মের মধ্যে দিতে বিবাদীদের নির্দেশ দেন।তবে ১৮ মে শুক্রবার হওয়ায় এবং ডেল্টা লাইফের ১১ পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানির দিন ধার্য করা হয়।গত বছরের ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা এসইসি শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ আইন পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। ২১ মে এই সময়সীমা শেষ হবে।