এসইসির বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসির) নির্দেশনা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় এসইসির পক্ষে আসার পরও নিয়ন্ত্রক সংস্থার নীরব ভূমিকা পালনের অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা। এ নিয়ে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করছেন তাঁরা। দুপুর পৌনে একটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার পরিচালকদের শেয়ারধারণ সম্পর্কিত এসইসির নির্দেশনা চ্যালেঞ্জ করে দায়ের করা তিনটি রিটের রায় হয়। ওই রায় এসইসির পক্ষে যায়। এসইসির ওই নির্দেশনা অনুযায়ী সোমবার পরিচালকদের শেয়ার কেনার সময় শেষ হয়। এ নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।নিজেদের পক্ষে রায় যাওয়ার পরও এসইসির পক্ষ থেকে কোনো প্রকার ঘোষণা না আসায় ডিএসইর সামনে বিক্ষোভ করা হচ্ছে বলে জানান বিনিয়োগকারীরা। তাঁরা এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম. খায়রুল হোসেন, ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও বিভিন্ন কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।এ বিষয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল্ল¬াহ নাইম জানান, হাইকোর্টে দায়ের করা রিটের রায় এসইসির পক্ষে আসার পরও সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো ঘোষণা না আসায় তাঁরা এই বিক্ষোভ করছেন। তিনি আরও বলেন, সোমবার পরিচালকদের শেয়ার কেনার সময় শেষ হয়েছে। এখনও এসইসি বা ডিএসইর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।প্রসঙ্গত, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির ন্যুনতম দুই শতাংশ ও সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।