এসইসির সদস্য মনসুর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে এককভাবে দুটি নির্দেশনা জারি করার জের ধরে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মনসুর আলমকে এসইসির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এ সম্পর্কিত একটি নির্দেশনা আজ বুধবার জারি করা হয়েছে, যা আগামী রোববার থেকে কার্যকর হবে। এসইসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই দায়িত্ব কমিশনের অপর সদস্য ইয়াসিন আলীকে দেওয়া হচ্ছে। গত রোববার এসইসির সদস্য হিসেবে মনসুর আলমকে অযোগ্য ঘোষণা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থসচিব, এসইসি, মনসুর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়। এসইসির সদস্য হিসেবে মনসুর আলমকে অযোগ্য ঘোষণার নির্দেশনা চেয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী সৈয়দ শফিকুল আলমের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।রিট আবেদনে বলা হয়, এসইসি অর্ডিন্যান্স-১৯৬৯-এর ২০(এ) ধারায় শুধু কমিশনকে নির্দেশনা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মনসুর আলম ৬ ও ৭ ডিসেম্বর দুটি নির্দেশনা জারি করেন, যা ক্ষমতার অপব্যবহার। কমিশন আইন-১৯৯৩-এর ৬ ধারায় চেয়ারম্যান বা সদস্যদের অযোগ্যতার বিষয়ে বলা আছে। ওই ধারা অনুসারে মনসুর আলমের ক্ষমতার অপব্যবহার করে জারি করা নির্দেশনা দুটি জনস্বার্থপরিপন্থী। তাই তিনি কমিশনের সদস্য পদে থাকার অযোগ্য।