এসইসির সদস্যদের দায়িত্ব রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্যদের মধ্যে দায়িত্বে রদবদল আনা হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার গতকাল বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করেন। আগামী রোববার থেকে আদেশটি কার্যকর হবে। জানা গেছে, দায়িত্ব পুনর্বণ্টন বা রদবদলের আওতায় সংস্থাটির জ্যেষ্ঠ সদস্য মনসুর আলমকে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভাগগুলো হচ্ছে—সার্ভিল্যান্স, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেটস অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ (এসআরএমআইসি) এবং প্রশাসন ও অর্থ। এ তিন বিভাগের মধ্যে প্রথম দুটির দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির অপর সদস্য ইয়াসিন আলীকে। ইয়াসিন আলী বর্তমানে ক্যাপিটাল ইস্যু, নিবন্ধন ও এসআরএমআইসি বিভাগেরও দায়িত্ব পালন করেন। আরেক সদস্য মোহাম্মদ আনিসুজ্জামানকে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন, এনফোর্সমেন্ট ও সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেমও (সিডিএস) তাঁর দায়িত্বে থাকছে। মনসুর আলমের হাতে থাকছে করপোরেট ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স, মিউচুয়াল ফান্ড ও স্পেশাল পারপাস ভেইক্যালস, গবেষণা ও উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম।