এসইসির সামনে ৩ ঘণ্টা বিক্ষোভ
দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত থাকায় লেনদেন বন্ধের দাবিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সামনে তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা এ কর্মসূচি পালন করেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ বেলা সোয়া দুইটার দিকে বেশকিছু বিনিয়োগকারী মতিঝিলে জীবন বীমা টাওয়ারে অবস্থিত এসইসির কার্যালয় ঘেরাও করতে যান। এ সময় পুলিশ তাঁদের ভবনে ঢুকতে বাধা দেয়। পরে তাঁরা এসইসির সামনে বিক্ষোভ করেন। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিসহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বেলা পৌনে তিনটার দিকে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যায়। পরে বিকেল পাঁচটার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ বন্ধ করেন।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘লেনদেন বন্ধের দাবিতে আমরা বিক্ষোভ করেছি।’