এসইসির সার্ভিলেন্স সফটওয়্যার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন অত্যাধুনিক সার্ভিলেন্স সফটওয়্যারের মধ্যমে বাজারে কারসাজিকারীদের চিহ্নিত করা যাবে। আজ সোমবার দুপুরে এসইসির সম্মেলনকক্ষে নতুন এই সফটওয়্যার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, আজ এসইসির নতুন সার্ভিলেন্স সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের তথ্য তাত্ক্ষণিকভাবে পাওয়া যাবে। এসইসি বিভিন্ন ধরনের অ্যালার্ট কীভাবে পাবে, এই সফটওয়্যারে তা-ও সংযুক্ত করা হয়েছে। মুহিত বলেন, ‘কে ফাঁকি দিয়েছেন, কে বা কারা নিজেদের মধ্যে লেনদেন করেছেন, কে অতিরিক্ত শেয়ার কিনেছেন, কে অতিরিক্ত বিক্রি করেছেন—এসব বিষয় এই সফটওয়্যারের মাধ্যমে এসইসি জানতে পারবে। পরে সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।’ এর মাধ্যমে দেশের পুঁজিবাজার সত্যিকার অর্থে একটি ‘পুঁজিবাজার’ হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের ক্ষেত্র তৈরি হবে এবং বিনিয়োগকারীরা সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, শিগগিরই ডিএসই ও সিএসই নতুন সূচক চালু করবে।অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারের ‘সুস্বাস্থ্যে’র জন্য গত দেড় বছর ধরে এসইসি যেসব নীতিমালা ও আইন-কানুন তৈরি করেছে, এই সফটওয়্যার চালুর ফলে তা প্রয়োগ করা সহজ হবে।মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট সময়ের পর মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব শেষ হয়ে যাবে। অমনিবাস হিসাব পৃথক বিও হিসাবে রূপান্তরের পর এই সফটওয়্যারের আওতায় চলে আসবে।বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী।এ সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, দাতা সংস্থা এডিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বাজার তদারকির লক্ষ্যে এসইসি নতুন এই সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করেছে এডিবির সহায়তায়।