এসইসির ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার এসইসির ৪৪৭তম কমিশন সভায় এই মহাপরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এসইসি সূত্রে জানা যায়, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে এসইসির পক্ষ থেকে এই মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মহাপরিকল্পনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে: কমিশনের সক্ষমতা, লোকবল বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি; সরকারি অনুমোদন ব্যতীত কমিশনের নিজস্ব অর্থে বাজেট প্রণয়নের ক্ষমতা; কমিশন ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার মধ্যে অধিকতর সমন্বয়; কমিশনের জন্য একটি অত্যাধুনিক সার্ভিল্যান্স ব্যবস্থা প্রতিষ্ঠা; প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য দীর্ঘমেয়াদি গাইডলাইন প্রণয়ন; পুঁজিবাজারের জন্য স্বতন্ত্র ক্যাপিটাল মার্কেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা; নিরীক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন; আর্থিক শিক্ষা (ফাইন্যান্সিয়াল লিটারেসি) সংক্রান্ত জাতীয় নীতি প্রণয়ন; যথাসম্ভব বেশি সংখ্যক ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাঠামোর আওতায় আনা; স্টক এক্সচেঞ্জগুলোর বিন্যস্তকরণ (ডিমিউচুয়ালাইজেশন) প্রক্রিয়া সম্পন্ন করা; ডেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠা; স্বতন্ত্র ক্লিয়ারিং করপোরেশন প্রতিষ্ঠা করা ও বন্ড মার্কেট প্রসার করা। ১০ বছর মেয়াদি এই পরিকল্পনার মেয়াদ ২০২২ সালে শেষ হবে বলে এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়।