দেশের পুঁজিবাজারের উন্নয়নে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরই মধ্যে কমিশনের সভায় এই মহাপরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এরপর ২০১২-২০২২ সাল মেয়াদি এই মহাপরিকল্পনা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করেছে। এসইসি বলছে, পাঁচটি লক্ষ্য সামনে রেখে এই মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: এসইসির দক্ষতা ও স্বাধীনতা বৃদ্ধি, পুঁজিবাজারের আইন ও বিধিবিধান শক্তিশালীকরণ, আর্থিক বাজারের কাঠামোর উন্নয়ন, করপোরেট বন্ড ও সম্পদভিত্তিক সিকিউরিটিজসহ নতুন নতুন পণ্য সৃষ্টি এবং পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি।মহাপরিকল্পনায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নের জন্য ৮৫টি বিষয় তুলে ধরা হয়েছে। সাতটি শ্রেণীতে এগুলো বিভক্ত করা হয়েছে। এদের বেশির ভাগই বাস্তবায়ন করবে এসইসি। এ ছাড়া কিছু বিষয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের সহায়তা লাগবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। এসইসি সূত্র জানিয়েছে, গৃহীত মহাপরিকল্পনা চার ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রথম ধাপে এখনই বাস্তবায়নযোগ্য পরিকল্পনাগুলো, দ্বিতীয় ধাপে ২০১৩-২০১৪ সালে স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো, তৃতীয় ধাপে ২০১৫-২০১৭ সালের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনাগুলো এবং ২০১৮-২০২২ সালের মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনগুলো বাস্তবায়ন করা হবে।যেসব উদ্দেশ্য সামনে রেখে এই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে: বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়মিত ভিত্তিতে তাদের আর্থিক প্রতিবেদন, সুশাসন, আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা। আরও রয়েছে, মূল্য সংবেদনশীল আগাম তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মুনাফা বা ইনসাইডার ট্রেডিং রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত, আর্থিক প্রতিবেদন আইন প্রণয়ন, এসইসির অধীনে প্রধান হিসাববিদ কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ ইত্যাদি। স্বল্পতম সময়ে এসব পরিকল্পনা বা সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।এসইসি আরও বলছে, উল্লিখিত সময়ের মধ্যে শক্তিশালী সরকারি ও করপোরেট বন্ড বাজার চালু করা হবে। এ জন্য যেসব আর্থিক অসংগতি রয়েছে, সেগুলো দূর করার পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন ও যথাযথ প্রচারণার উদ্যোগ নেওয়া হবে।মহাপরিকল্পনায় এসইসি বলেছে, ২০১০-১১ সালে শেয়ারবাজারের অস্থিরতার অন্যতম কারণ ছিল বাংলাদেশ ব্যাংক ও এসইসির মধ্যকার সমন্বয়হীনতা। এ কারণে আর্থিক বাজারের এই দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সিকিউরিটিজ আইনের কঠোর বাস্তবায়নে নিজেদের ক্ষমতা ও দক্ষতার অভাবের বিষয়টিও তুলে ধরা হয়েছে মহাপরিকল্পনায়। এসইসি বলছে, আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সংস্থাটিতে আইনজীবী ও আইন বাস্তবায়নকারী কর্মকর্তার বেশ ঘাটতি রয়েছে, যা সংস্থাটির দক্ষতা প্রমাণের ক্ষেত্রে বড় ঘাটতি।এসইসি এ-ও বলেছে, আইন ভঙ্গকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার যথাযথ পরিবেশের অনুপস্থিতি রয়েছে বাংলাদেশে। তাই এসইসি যাতে আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থা গ্রহণ করতে পারে, তার জন্য কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।