এসইসির ২সিসি ধারা কেন অসাংবিধানিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।পাঁচটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ১৩ জুনের মধ্যে এসইসিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২২ মে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্সের ২৪ জন পরিচালক এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পাঁচটি রিট দায়ের করেন।ওই দিন এনসিসি ব্যাংকের পরিচালক মাহবুবুল আলমসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন; মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আবদুল জলিল, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, শফিকুর রহমান ও শাহেদ রেজার পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ; সাউথইস্ট ব্যাংকের পরিচালক রেহানা রহমানের পক্ষে ড. কামাল হোসেন; ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক মাহমুদুল হক তাহেরসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন ও মাহমুদুল ইসলাম এবং প্রাইম ফাইন্যান্সের পরিচালক এম এন এইচ বুলুর পক্ষে আকতার ইমাম শুনানিতে অংশ নেন।পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি ৩১ মে রিটগুলো শুনানির জন্য হাইকোর্টের এ দ্বৈত বেঞ্চে পাঠান।গতকাল রোববার এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত আজ আদেশের দিন ধার্য করেন।