এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ, কাল আবার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়স্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। আজ আদালত মূলতবি করায় আগামীকাল বুধবার সকালে আবারও শুনানি হবে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এ কথা জানান।মুরাদ রেজা বলেন, ‘আজ সময়ের অভাবে বেশি সময় শুনানি অনুষ্ঠিত হয়নি। কাল সকালে আবারও শুনানি হবে’। এর আগে আজ বিকেল ৩ টা ৪০ মিনিটে শুরু হয়ে ৪ টা ৫ মিনিট পর্যস্ত রিটের শুনানি চলে।এদিকে রিটকারীদের পক্ষের আইনজীবী ড. কামাল হোসেন শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ পর আদালতে উপস্থিত হন। তবে তিনি শুনানিতে অংশ নেননি। তাঁর পক্ষে রমজান আলী শিকদার শুনানিতে অংশ নেন।এর আগে বিকেল তিনটা ৪০ মিনিটে এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালকের দায়ের করা রিটের শুনানি শুরু হয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি চলে।এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ড. কামাল হোসেন রিটকারী পরিচালকদের পক্ষে বক্তব্য পেশ করেন।গত ৩ জুন প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে পাঁচটি রিটের বিষয়টি নজরে আনা হলে তিনি এটির শুনানির জন্য ৩০ নম্বর আদালতে (অ্যানেক্স ভবন) পাঠান।উল্লেখ্য, ২২ মে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালক এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত বাদীপক্ষের আইনজীবীদের রিট গ্রহণ করে উভয় পক্ষের বক্তব্য শোনেন।ওই দিন এনসিসি ব্যাংকের পরিচালক মাহবুবুল আলমসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন; মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আবদুল জলিল, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, শফিকুর রহমান ও শাহেদ রেজার পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সাউথইস্ট ব্যাংকের পরিচালক রেহানা রহমানের পক্ষে ড. কামাল হোসেন; ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক মাহমুদুল হক তাহেরসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন ও মাহমুদুল ইসলাম এবং প্রাইম ফাইন্যান্সের পরিচালক এম এন এইচ বুলুর পক্ষে আকতার ইমাম শুনানিতে অংশ নেন।পরে আদালত এই পাঁচটি রিটের বিষয়ে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠান।