এসএ গ্রুপকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলে ভিটামিন এ মেশানো শুরু না করায় এসএ গ্রুপের তিনটি পরিশোধনাগারকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র্যা ব-১০-এর এক যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত মঙ্গলবার ভিটামিন এ মেশাতে পরিশোধনাগারগুলোকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।
বিএসটিআই জানিয়েছে, দেশে ২৪টি ভোজ্যতেল পরিশোধনাগার চালু আছে। এর মধ্যে ১১টি ভিটামিন এ মেশানোর লোগো ব্যবহারের লাইসেন্স পেয়ে গেছে। ৮টির লাইসেন্স দেওয়া প্রক্রিয়াধীন আছে। বাকি ৫টি এখনো লাইসেন্স নেয়নি। এর মধ্যে একটি এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড। বাকি ৪টি এসএ গ্রুপের।
এসএ গ্রুপের পরিশোধনাগারগুলোতে অভিযানে র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম নেতৃত্ব দেন। এতে এসএ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কামাল ভেজিটেবল অয়েল রিফাইনারি মিলস লিমিটেড, সারিজা অয়েল রিফাইনারি লিমিটেড ও সাউথ ইস্টার্ন অয়েল রিফাইনারি লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
২০১৩ সালে ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন পাস করে সরকার। বিএসটিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভিটামিন এ না মেশানোয় চারটি পরিশোধনাগারের সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এরপর এস আলম ও এসএ অয়েল আবার লাইসেন্সের জন্য আবেদন করেছে।