এসএমই অর্থায়ন মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বিষয়ে আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করেছে। দুই দিনে অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ৪২টি ব্যাংক ও ১৬টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যও প্রদর্শন করা হবে। আজ বেলা ১২টায় শুরু হয়ে মেলা রাত আটটা পর্যন্ত চলবে। আগামীকাল বৃহস্পতিবার মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবুল কাশেম, এসএমই ফাউন্ডেশনের এমডি সৈয়দ এহসানুল করিম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী প্রমুখ। সম্মেলনে জানানো হয়, মূলত বিভিন্ন ব্যাংকের এসএমই পণ্য বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এসএমই খাতে অর্থায়নের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখছে এমন ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। অর্থমন্ত্রী এ পুরস্কার তুলে দেবেন।