এসএমই অর্থায়ন মেলায় অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে এসএমই অর্থায়নে পুরস্কারপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা l প্রথম আলো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে এসএমই অর্থায়নে পুরস্কারপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা l প্রথম আলো

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনীতির প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেছেন, সেমাই থেকে শুরু করে উৎপাদন খাত সবকিছুর প্রাণশক্তিই এসএমই খাত। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে এই খাত।
এসএমই অর্থায়ন মেলা এবং এসএমই ব্যাংকিং পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার অর্থমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রশংসা করেন। বলেন, ‘ক্ষুদ্রঋণে আমাদের বিকাশ ঈর্ষণীয়। দেশের বৃহৎ জনগোষ্ঠী ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে ব্যাংকিং সেবার আওতায় এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে।’ দেশের বিনিয়োগ পরিস্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গোলমাল করে বিনিয়োগকে বাধাগ্রস্ত করা যাবে না। গোলমালকারীরা গত আট মাসে বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, গত চার বছরে ১৮ লাখ ৩৫ হাজার উদ্যোক্তাকে দুই লাখ ৬২ হাজার ৩৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ হাজার নারী উদ্যোক্তা রয়েছেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মাসুম পাটোয়ারী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
এসএমই অর্থায়ন মেলা চলবে আজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত।
পুরস্কার: মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই খাতের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার জন্য ১০টি বিভাগে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এসএমই খাতের বর্ষসেরা শ্রেষ্ঠ ব্যাংকের পুরস্কার পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বর্ষসেরা শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে আইডিএলসি।
ব্যাংকিং বিভাগে ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব শ্রেষ্ঠ ব্যাংকের পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক, নারী উদ্যোক্তাবান্ধব শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, গ্রামীণ উদ্যোক্তাবান্ধব শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, উৎপাদনশীল খাত উদ্যোক্তাবান্ধব শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে ঢাকা ব্যাংক এবং কাঠামোগত শ্রেষ্ঠ ব্যাংক নির্বাচিত হয়েছে ইস্টার্ন ব্যাংক।
এ ছাড়া ক্ষুদ্র উদোক্তাবান্ধব শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, নারী উদ্যোক্তাবান্ধব শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান হয়েছে আইডিএলসি এবং উৎপাদনশীল খাত উদ্যোক্তাবান্ধব শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান হয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।