এসএমই উদ্যোক্তারা সবাই কম্পিউটার প্রশিক্ষণ পাবেন
এসএমই ফাউন্ডেশন দেশের সব এসএমই উদ্যোক্তাকে কম্পিউটার প্রশিক্ষণ দেবে।সম্প্রতি রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ‘ই-মার্কেটিং ফর এসএমইজ’ শীর্ষক এক প্রশিক্ষণ কার্যক্রমে শিল্পমন্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারপারসন দিলীপ বড়ুয়া এ ঘোষণা দেন। এ সময় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির ও উপমহব্যবস্থাপক প্রকৌশলী মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।পরে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ কার্যক্রমে ৮০ জন নারী ও পুরুষ উদ্যোক্তাকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ১২০ জন এসএমই উদ্যোক্তাকে বিনা মূল্যে ‘আইসিটি ফর এসএমইজ’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করে। যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী উদ্যোক্তা।উল্লেখ্য, ই-মার্কেটিংয়ের মাধ্যমে বিশ্বব্যপী দ্রুত পণ্যের প্রচার ও প্রসার ঘটছে। যেমন ২০০৬ সালে ইউরোপে ই-কমার্সের বাজারমূল্য ছিল ১৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার, যা ২০১১ সালে ৪০ হাজার ৭০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে বার্ষিক খুচরা বিপণনের প্রায় ৭২% ই-কমার্সের মাধ্যমে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।