দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক অর্থায়ন বেড়েছে। বিশেষত ঋণ বেড়েছে ক্ষুদ্র ব্যবসা খাতে।বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে দেখা যাচ্ছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলতি বছরের প্রথম তিন মাসে এসএমই খাতে ১৯ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার ২৬ শতাংশের বেশি।আগের বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল ১৪ হাজার ২৮১ কোটি টাকা। অর্থাৎ প্রথম তিন মাসে ঋণ বৃদ্ধির পরিমাণ পাঁচ হাজার ৭১ কোটি টাকা বা ৩৩ দশমিক ৫১ শতাংশ।
এই সময়ে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করা হয়েছে ব্যবসা খাতে। বরাবরের মতো এই সময়ে সবচেয়ে কম ঋণ বিতরণ করা হয়েছে সেবা খাতে।বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও ব্যাংকগুলোর প্রচেষ্টায় এসএমই খাতে ঋণ বিতরণ ও ঋণের গুণগত মান বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছাতে নানা পদক্ষেপ নিয়েছে। মাঠপর্যায়ে গিয়ে ঋণের মান ও উদ্যোক্তা যাচাই করা হচ্ছে। সময়ে সময়ে ব্যাংকগুলোকে নিয়ে বৈঠক করা হচ্ছে।এ ছাড়া মাঠপর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশনাও দিয়েছে।চলতি বছর এসএমই খাতে মোট ৭৪ হাজার ১৮৭ কোটি টাকার ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিতরণ করা ঋণের মধ্যে শুধু ব্যবসা খাতে বিতরণ করা হয়েছে ১৩ হাজার সাত কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় ৪৫ দশমিক ৬৯ শতাংশ বেশি। শিল্প খাতে বিতরণ করা হয়েছে পাঁচ হাজার ৩২৮ কোটি টাকা বা ১৭ দশমিক ৭৩ শতাংশ বেশি। আর সেবা খাতে বিতরণ করা হয়েছে মাত্র এক হাজার ১৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৯৮ শতাংশ বেশি।
এসএমই খাতে বিতরণ করা ঋণের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের দেওয়া হয়েছে নয় হাজার ৬৯৩ কোটি টাকা, যা মোট ঋণের ৫০ দশমিক ০৯ শতাংশ। আগের বছরের তুলনায় যা ২৪ দশমিক ৯৩ শতাংশ বেশি।
আর নারী উদ্যোক্তারা পেয়েছেন ৬০৩ কোটি টাকার ঋণ। এ ছাড়া এই সময়ে ১৫ হাজার ৭০ জন নতুন উদ্যোক্তাকে তিন হাজার ২২৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে কোনো কোনো বেসরকারি ব্যাংক ঋণ প্রক্রিয়াকরণ ফির নামে অতিরিক্ত সেবা মাশুল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন ব্যাংক পরিদর্শনে গেলে বিষয়টির সত্যতা মিলেছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো সেবা মাশুলের নামে ১ থেকে ২ শতাংশ হারে বেশি সুদ আদায় করছে। ফলে সামগ্রিকভাবে ঋণের সুদহার বেড়ে যাচ্ছে।এভাবে অতিরিক্ত সুদ আদায় করায় ইতিমধ্যে কয়েকটি ব্যাংককে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি এসএমই ঋণের ক্ষেত্রে এভাবে সেবা মাশুল আদায় বন্ধে কঠোর পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে।