এসএমই ঋণে খেলাপি ২৩,৩২৪ কোটি টাকা
দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিতরণ করা ঋণের ২৩ হাজার ৩২৪ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। এ খাতে বিতরণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৩৮ কোটি টাকা। খেলাপি ঋণের বড় অংশই সরকারি খাতের ব্যাংকগুলোর। এ হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত।
হিসাব মতে, সরকারি ব্যাংকগুলোর ৩০ হাজার ৩৬৮ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ১১ হাজার ৬৫৫ কোটি টাকা, বিদেশি ব্যাংকগুলো ২ হাজার ৪১৩ কোটি টাকা ঋণের খেলাপি ৭৯৯ কোটি টাকা এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর ১ লাখ ৩২ হাজার ৯৫৩ কোটি টাকা ঋণের খেলাপি ১০ হাজার ৩১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৬ হাজার ৯০৪ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি হয়ে গেছে ৫৫৫ কোটি টাকা।
এদিকে গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা গেছে, এসএমই ঋণের বড় অংশ গেছে ব্যবসা খাতে। ২০১৬ সালে বিতরণ হওয়া ঋণের মধ্যে ব্যবসা খাতে গেছে ৯০ হাজার ৫৪৮ কোটি। সারা দেশের ৫ লাখ ১৭ হাজার ২৯৯ প্রতিষ্ঠান এ ঋণ পেয়েছে। শিল্প খাতের ৬৪ হাজার ১২৫ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৩৫ হাজার ১৬৯ কোটি টাকা ঋণ। আর সেবা খাতে দেওয়া হয়েছে ১৬ হাজার ২১৯ কোটি টাকা, বিভিন্ন অঞ্চলের ৫৩ হাজার ১৫০ প্রতিষ্ঠানকে এ ঋণ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছর সারা দেশের ৬ লাখ ৩৪ হাজার ৫৭৪ জন উদ্যোক্তা ঋণ পেয়েছেন, তাঁদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৫৪৮ জন নতুন উদ্যোক্তা। এসব উদ্যোক্তা পেয়েছেন ২৩ হাজার ৫৮৫ কোটি টাকার ঋণ।