এসএমই ঋণে বিশেষ সুবিধা
বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রবাহে বিশেষ সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ পুনঃ তফসিল, এককালীন জমা বা ডাউন পেমেন্ট দেওয়া থেকে সুদ স্থগিত—সব ক্ষেত্রেই নমনীয় হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল বুধবার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে। এতে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে এসএমই খাত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সক্ষমতা হারাচ্ছে। ফলে এসএমই খাতে দেওয়া ঋণগুলো ক্রমশ খেলাপি ঋণে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আর্থিক খাত উন্নয়নে এসএমই খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতের ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ প্রবাহ অব্যাহত রাখা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে এসএমই খাতে দেওয়া ঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে এককালীন জমার বিষয়টি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা, অশ্রেণীকৃত ঋণ (স্ট্যান্ডার্ড ও এসএমএ) পুনর্গঠনের মেয়াদকাল যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, প্রয়োজনে ঋণের সুদ স্থগিত বা ব্লক হিসাবে স্থানান্তর এবং সুদের হার নির্ধারণে নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত এসব সুবিধা বলবৎ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ভূমি ও ইমারত ছাড়া যেসব শিল্প কারখানার স্থায়ী সম্পদের পরিমাণ ৫০ হাজার থেকে সর্বোচ্চ দেড় কোটি টাকা এবং কর্মরত লোকবল সর্বোচ্চ ৫০ জন, তাকে ক্ষুদ্র শিল্প বোঝায়। এই ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আর ভূমি ও ইমারত ছাড়া যেসব প্রতিষ্ঠানের ৫০ লাখ থেকে সর্বোচ্চ ২০ কোটি টাকার স্থায়ী সম্পদ রয়েছে এবং কর্মরত লোকবল সর্বোচ্চ ১৫০ জন, সেগুলোকে মাঝারি শিল্প বলা হচ্ছে। তবে মাঝারি শিল্পের জন্য কোনো ঋণসীমা নির্ধারিত নেই।
বলা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতায় এ দুই ক্যাটাগরির উদ্যোক্তারা বেশি ক্ষতির মুখে পড়েছেন।
নিয়ম অনুসারে, খেলাপি ঋণ মোট তিনবার পুনঃ তফসিল করা যায়। প্রথম দফায় নয় মাসের জন্য মোট ঋণের ১০ শতাংশ অথবা বকেয়া কিস্তির ২৫ শতাংশ যেটি বেশি, সেই পরিমাণ অর্থ এককালীন জমা দিয়ে খেলাপি ঋণটি নিয়মিত করা যায়। দ্বিতীয় দফায় ১২ মাসের জন্য মোট ঋণের ২০ শতাংশ অথবা বকেয়া কিস্তির ৩০ শতাংশ যেটি বেশি, এককালীন জমা দিতে হয়। আর তৃতীয় দফায় মোট ঋণের ৩০ শতাংশ অথবা বকেয়া কিস্তির ৫০ শতাংশ যেটি বেশি, সেই পরিমাণ এককালীন জমা দিয়ে খেলাপি ঋণ পুনঃ তফসিল করা যায়। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ নির্দেশনায় এসব ক্ষেত্রে নমনীয় থাকতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে।
তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল চার লাখ ৭৩ হাজার ২৪৩ কোটি টাকা। এর মধ্যে এসএমই খাতের ঋণ ছিল এক লাখ আট হাজার ৫৯৯ কোটি টাকা। অর্থাৎ, মোট ঋণের ২৩ শতাংশ বিতরণ করা হয়েছে এসএমই খাতে। সেপ্টেম্বর পর্যন্ত পৃথকভাবে এসএমই খাতের খেলাপি ঋণের তথ্য পাওয়া যায়নি। একই সময়ে সব ধরনের শিল্পে বিতরণ করা ঋণের ১৬ হাজার আট কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ হাজার ৫৬৩ কোটি টাকা। ফলে আগের বছরের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা বা ৫১ দশমিক ৫৫ শতাংশ।