এসএমই ঋণের এলাকাভিত্তিক দায়িত্ব পাচ্ছে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে একেক ধরনের শিল্প বা ব্যবসা কেন্দ্রীভূত হয়েছে। যেমন—ঢাকার লালবাগ, ইসলামপুর ও তেজগাঁও এলাকায় প্লাস্টিক পণ্য। আবার বগুড়ায় কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ। যশোরে বাসের কাঠামো নির্মাণ ও কৃষি যন্ত্রাংশ।অঞ্চলভিত্তিক ও গুচ্ছভিত্তিক এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিকাশে বাংলাদেশ ব্যাংক এবার নতুন ঋণ নীতিমালা তৈরি করেছে। ১৩১ ধরনের শিল্প-ব্যবসাকে সুনির্দিষ্ট করে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে দায়িত্ব দিয়ে এসব শিল্পের বিকাশে সহায়তা দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক।নতুন এই ঋণ নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়নেও নেওয়া হয়েছে ১২ ধরনের কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের ব্যাংকার্স বৈঠকে গতকাল রোববার এই এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে।আগামী ২৫ মার্চ কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অর্থায়ন, কৃষিঋণ বিষয়ে সচেতনতা, মানি লন্ডারিং প্রতিরোধকরণ ও ব্যাংকিং চানেলে রেমিটেন্স প্রেরণে উত্সাহিতকরণ’ শীর্ষক রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসএমইর এই ঋণ নীতিমালা ও কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।ব্যাংকার্স বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, এ বছর প্রায় ২৪ হাজার কোটি টাকার এসএমই ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক অঞ্চলভিত্তিক গুরুত্ব দিয়ে এসএমই খাতে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে পৃথক অঞ্চলের দায়িত্ব দিতে চায়। গভর্নর বলেন, ‘ঝিকরগাছায় ফুলের চাষ, জামালপুরে বুটিক, বগুড়ায় হালকা প্রকৌশল শিল্প রয়েছে। এখন ব্যাংকগুলোকে অল্প দিনের মধ্যে এলাকা বেছে নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণের কর্মপরিকল্পনা জমা দিতে হবে।’এই ঋণ কার্যক্রম বিশেষভাবে তদারকও করা হবে। ত্রি-স্তর তদারকের ব্যবস্থাও নেওয়া হয়েছে। গভর্নর বলেন, ‘এসএমই ঋণ বিতরণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা কার্যালয় ও ব্যাংকগুলোর প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে তদারক করা হবে।’ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, এসএমই খাতের ঋণের জন্য এবার একটি পরিষ্কার নীতিমালা হয়েছে। সুদের হার নমনীয় রাখতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন।সাত্তার আরও বলেন, ‘এই ঋণ নীতিমালা বাস্তবায়নে ব্যাংক ও ঋণ গ্রহিতা উভয়েরই দক্ষতা বাড়াতে হবে।’নীতিমালার সার: বাংলাদেশ ব্যাংকের তৈরি এসএমই ঋণ নীতিমালায় সুদের হারের চেয়ে অর্থায়নকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, উচ্চ সুদের হার গুরুত্বপূর্ণ সমস্যা হলেও এর চেয়ে অর্থায়নের প্রাপ্তি ও পরিমাণ অধিকতর গুরুত্বপূর্ণ। এ জন্য ঋণকে আরও সহজলভ্য করার প্রচেষ্টা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।নীতিমালায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসএমই খাতের মোট বিতরণ করা ঋণের ৪০ শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে এতে নির্দেশনা রয়েছে। অপরদিকে নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করতেও এই নীতিমালায় নানা ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছে।ঋণের জামানত সহজ করা হয়েছে। ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসেবে নিয়ে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া সামাজিক জামানত ও গোষ্ঠী বা দল জামানতের বিপরীতেও ঋণ বিতরণের জন্য পরামর্শ রয়েছে নীতিমালায়। ঋণ পরিশোধের ছাড় সময় (গ্রেস পিরিয়ড) যুক্তিসংগত পর্যায়ে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে নীতিমালায়।দেশের ৬৪ জেলা ও প্রতিটি উপজেলায় কোন ধরনের শিল্প-ব্যবসা খাতের সম্ভাবনা রয়েছে, তার একটি তালিকা এসএমই নীতিমালায় দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে এখন এই তালিকা থেকে বেছে নিতে হবে যে তারা কোন এলাকায় কোন শিল্প-বাণিজ্যে সহায়তা দেবে।এ ছাড়া ঋণ বিতরণের জন্য আউট সোর্সিংয়ের ব্যবহার, প্রশিক্ষণ কর্মসূচি, ঋণগ্রহীতার যোগ্যতা, ঋণ কার্যক্রম তদারকি বিষয়ে নীতিমালায় দিকনির্দেশনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯ সালের ডিসেম্বর শেষে এসএসই খাতে বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫১ হাজার ১৪৭ কোটি ৫৯ লাখ টাকা। আর ২০০৮ সালের ডিসেম্বর শেষে এই স্থিতি ছিল ৪৩ হাজার ৪৩৯ কোটি ৫৩ লাখ টাকা।অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে এসএসই খাতে সাত হাজার ৭৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের মধ্যে এসএমই বাবদ ঋণ অবশ্য এখনো ২০ শতাংশের নিচেই রয়েছে।