ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণের পরিবর্তে মূলধন জোগান দিতে হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোও তদারকির মধ্যে থাকবে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নও করতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সেমিনারে ব্যাংক খাতের পেশাজীবীরা এসব কথা বলেন।
‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এসএমই অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি’ শীর্ষক সেমিনারটি গতকাল বৃহস্পতিবার বিআইবিএমে অনুষ্ঠিত হয়। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। অনুষ্ঠানে বিআইবিএমের পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি।
প্রধান অতিথির বক্তব্যে এস কে সুর চৌধুরী বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে এসএমই খাতের বড় ভূমিকা রয়েছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কম সুদে ঋণ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ সুদে ১৫ শতাংশ ঋণ বরাদ্দ রাখা হয়েছে।
আলোচনায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এ চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে এসএমই খাতে জামানতভিত্তিক ঋণের পরিবর্তে মূলধন জোগানের দিকে যেতে হবে। ব্যাংকগুলোকে এসএমই মডেলের পরিবর্তে ক্ষুদ্র গ্রাহকদের ঋণের মডেলে যেতে হবে।
ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের এসএমই বিনিয়োগের প্রায় ৮০ শতাংশই যাচ্ছে বাণিজ্য খাতে। ঋণে যাতে উৎপাদনশীল খাতে যায়, এ জন্য নীতিমালা করা যেতে পারে। কর্মসংস্থান সৃষ্টি হয়, এমন খাতে অর্থায়ন করতে হবে।’
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি হবে না। এ জন্য ব্যাংক হিসাবকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে যে বিনিয়োগ হয় তার প্রায় ৮০ শতাংশই যাচ্ছে বাণিজ্য খাতে। বাকি মাত্র ২০ শতাংশ যাচ্ছে শিল্প ও উৎপাদনশীল খাতে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য এসএমই বাণিজ্য নয়, শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ, বিআইবিএমের সম্মানিত ফেলো মোহাম্মদ ইউনুস প্রমুখ।