এসএমই ঋণের মাশুল নির্ধারণ করে দিল কেন্দ্রীয় ব্যাংক
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণের ক্ষেত্রে গ্রাহকদের ওপর অযৌক্তিক মাশুল চাপানো বন্ধ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব ঋণের ক্ষেত্রে আবেদনপত্রের জন্য সর্বোচ্চ মাশুল ২০০ টাকা আদায় করা যাবে। এ ছাড়া ঋণের মেয়াদ শেষ হওয়ার আগে সমন্বয়ের ক্ষেত্রে কোনো মাশুল আদায় করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণে অতিরিক্ত মাশুল চাপানোয় প্রকৃত ব্যয় বাড়ছে, এ কারণে কী কী ক্ষেত্রে মাশুল আদায় করা যাবে, তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলো কটেজ, মাইক্রো, এসএমই ঋণের বিভিন্ন পর্যায়ে গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন নামে ও হারে মাশুল আদায় করা হচ্ছে। এতে গ্রাহকের প্রকৃত ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা এ খাতের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে।
এ কারণে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে ঋণ আবেদনে মাশুল হিসেবে সর্বোচ্চ ২০০ টাকা আদায় করা যাবে। এ ছাড়া নথিপত্র প্রস্তুত, ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) মাশুল, স্ট্যাম্প মাশুল, আইনি ও জামানত মূল্যায়ন মাশুল নির্ধারিত হবে প্রকৃত ব্যয়ের ভিত্তিতে। কটেজ ও ক্ষুদ্রঋণ মেয়াদপূর্তির আগে সমন্বয়ের ক্ষেত্রে কোনো অতিরিক্ত মাশুল আদায় করা যাবে না। এসব ঘোষিত মাশুলের অতিরিক্ত কোনো মাশুল আদায় করা যাবে না বলেও ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।