এসএমই খাতকে পুঁজিবাজারে আনতে নীতি তৈরির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে দেশের শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করতে একটি নীতি প্রণয়নের দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের নেতারা গতকাল বুধবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর দপ্তরে বৈঠককালে এ দাবি জানান। তাঁরা বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এটি করা গেলে দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হবে।বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, মেট্রো চেম্বারের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সহসভাপতি কামরান টি রহমান, পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম রফিকুল ইসলাম ও সৈয়দ ফারুক মো. আলী, মহাসচিব ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমসিসিআইয়ের নেতারা এক অঙ্কের সুদে শিল্পঋণ প্রদান, এসএমই খাতে অর্থায়ন বাড়ানো এবং অগ্রাধিকার শিল্প খাতের তালিকা কমিয়ে চিহ্নিত শিল্প খাতে সরকারের নীতি-সহায়তা বাড়ানোর দাবি করেন। বৈঠকে মেট্রো চেম্বারের নেতারা বলেন, শিল্প খাতে চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎসংযোগ নিশ্চিত করা গেলে প্রবৃদ্ধির হার দ্রুত বেড়ে যাবে। এর মাধ্যমে সহজেই শিল্প খাতে কর্মসংস্থানের হার ২৫ শতাংশে উন্নীত করা সম্ভব।এ ছাড়া এমসিসিআইয়ের নেতারা ভারতসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে বিএসটিআইয়ের আধুনিকায়নের ওপর জোর দেন। ভারতের ঋণ-সহায়তা কর্মসূচির আওতায় বিএসটিআইয়ের অ্যাক্রেডিটেশন অর্জনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তাঁরা। দিলীপ বড়ুয়াও দেশে শিল্পায়নের স্বার্থে শিল্পঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট বা এক অঙ্কে নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেন। শিল্প খাতের উন্নয়নে সরকারের ব্যয়-সক্ষমতা বাড়াতে তিনি উদ্যোক্তাসহ সক্ষম সবাইকে যথাযথভাবে কর পরিশোধের পরামর্শ দেন।শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো সত্ত্বেও এ খাতে বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি হারে ভর্তুকি দিচ্ছে। শিল্পোদ্যোক্তাদের বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনা করতে হবে।