এ সপ্তাহের সাক্ষাৎকার: ব্র্যাক ব্যাংকের এক যুগ পূর্তি উপলক্ষে ব্যাংকের সামগ্রিক দিক ও দেশের আর্থিক খাত নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান
এসএমই খাতকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে
প্রথম আলো: আমরা জানি ব্র্যাক ব্যাংক মূলত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। এই এসএমই খাত নিয়ে আপনারা কী কী কাজ করছেন?সৈয়দ মাহবুবুর রহমান: ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই এসএমই খাতই প্রাধান্য পেয়েছে। এই পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকার বেশি এসএমই ঋণ দেওয়া হয়েছে। এই ঋণের বেশির ভাগই ছোট উদ্যোক্তারা পেয়েছেন। দেশের ব্যাংকিং জগতে এসএমই খাতের অর্থায়নে আমরাই বিশেষ অবদান রাখছি। প্রথম আলো: সম্প্রতি ব্র্যাক ব্যাংক এসএমই উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন করেছে। কেন?সৈয়দ মাহবুবুর রহমান: গত ২৫ মে এই উদ্যোক্তা সম্মেলন হয়েছে। এতে দেড় হাজারের বেশি উদ্যোক্তা এসেছিলেন, যাঁরা ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। আমরা তাঁদের কাছ থেকে তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে চেয়েছি। তাঁদের কথা শুনে আর সেসব বিষয় নিয়ে ব্র্যাক ব্যাংক কাজ করছে। ভবিষ্যতে দুই বছর পরপর এই সম্মেলন করব বলে আশা করছি। ব্র্যাক ব্যাংক এখন এসব সম্ভাবনাময় উদ্যোক্তাদের কাছে যাবে। তাঁদের চাহিদা পূরণে চেষ্টা করবে। এবারের সম্মেলনে ১৩ জন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রথম আলো: বিগত ১২ বছরে ব্র্যাক ব্যাংকের অর্জন কী কী?সৈয়দ মাহবুবুর রহমান: প্রতিষ্ঠার পর থেকে বিগত ১২ বছরে ব্র্যাক ব্যাংকের দুই ধরনের লক্ষ্য অর্জন হয়েছে। প্রথমত, এই পর্যন্ত আমরা সাড়ে ২২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছি। এর মধ্যে চার লাখ ১৫ হাজার ব্যক্তিকে এসমএই ঋণ দিয়েছি। এতে ১৬ লাখ লোকের সরাসরি কর্মসংস্থান হয়েছে। দ্বিতীয় অর্জন হলো, দেশের ব্যাংকিং জগতে এসএমই সম্পর্কে ধারণা বদলাতে সহায়তা করেছি। আমাদের সাফল্যে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই অর্থায়নে উৎসাহিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এসএমই বিভাগ চালু করেছে। প্রতিবছর দেশে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা এসএমই ঋণ দেওয়া হয়েছে। এ ছাড়া গত এপ্রিল মাসে ব্র্যাক ব্যাংক এশিয়ান ব্যাংকার্স অ্যাওয়ার্ড পেয়েছে। আর আমি লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। এশিয়ান ব্যাংকার্স ফোরাম এই সম্মাননা দিয়েছে। প্রথম আলো: ব্র্যাক ব্যাংক সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো কীভাবে দেখে?সৈয়দ মাহবুবুর রহমান: সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো ব্র্যাক ব্যাংক একটু ভিন্ন আঙ্গিকে করে থাকে। আমরা গতানুগতিকভাবে সামাজিক দায়বদ্ধতার বা সিএসআর কার্যক্রম করি না। সমাজে ইতিবাচক প্রভাব পড়ে এমন কর্মসূচিই এই সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে আনা হয়েছে। আমরা শুদ্ধ সংগীতচর্চায় যেমন অর্থ ব্যয় করছি, তেমনি অদম্য মেধাবীদেরও অনুপ্রেরণা দিচ্ছি। আবার অটিস্টিক বাচ্চাদের পাশে থাকছে ব্র্যাক ব্যাংক। মুক্তিযদ্ধ জাদুঘরের জন্য আমরা কাজ করছি। সাভার ট্র্যাজেডিতে মানুষের পাশে ছিলাম। তারামন বিবির মতো খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে আজীবন ভাতা দিচ্ছে ব্র্যাক ব্যাংক। প্রথম আলো: সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা কীভাবে মূল্যায়ন করবেন?সৈয়দ মাহবুবুর রহমান: সামগ্রিকভাবে ব্যাংকিং খাত এই মুহূর্তে কিছুটা শ্লথ রয়েছে। নির্বাচনের বছরে এটা হয়। এ ছাড়া বিশ্বমন্দা পরিস্থিতিও ক্রমশ কঠিন হবে, মসৃণ হবে না। রাজনৈতিক অস্থিরতা থাকলে অর্থনীতি শ্লথ হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগের ওপর প্রভাব পড়ছে। ইতিমধ্যে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে। এতে কর্মসংস্থান কমছে। মনে রাখতে হবে, ১৬ থেকে ১৮ লাখ লোক প্রতিবছর শ্রমশক্তিতে যুক্ত হচ্ছে। তাদের কর্মস্থানে বিনিয়োগ প্রয়োজন হবে। বেসরকারি খাতে ১৮ শতাংশ ঋণপ্রবাহের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হবে। বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আস্থা থাকতে হবে। আবার ব্যাংকগুলোকে মনে রাখতে হবে, শুধু ঋণ দিলেই হবে না, ঋণ ফেরত পেতে হবে। প্রথম আলো: হল-মার্ক, ডেসটিনি কেলেঙ্কারির মতো ঘটনা কেন ঘটছে বলে আপনি মনে করেন?সৈয়দ মাহবুবুর রহমান: এই ধরনের ঘটনা মূলত ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দুর্বলতার জন্য ঘটছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর ও সতর্ক হতে হবে। ঋণ প্রদান প্রক্রিয়া যথার্থ হতে হবে। এ ছাড়া সময়ের সঙ্গে ব্যবস্থাপনাও যুগোপযোগী করতে হবে। ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি আনতে হবে। প্রথম আলো: বাংলাদেশের বন্ড বাজার সম্পর্কে আপনার মূল্যায়ন কী?সৈয়দ মাহবুবুর রহমান: কর-সংক্রান্ত বিষয়গুলো পুনর্মূল্যায়ন না করলে এ দেশে বন্ড আকর্ষণীয় হবে না। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়সহ সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে নীতি গ্রহণ করতে হবে। বন্ড না হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আসবে না। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]