এসএমই খাতে এক লাখ কোটি টাকা ঋণ বিতরণ
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) বিতরণ করা ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে কখনোই এত বিপুল পরিমাণ ঋণ এসএমই খাতে বিতরণ করা হয়নি।
২০১৪ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে বিতরণ করে ১ লাখ ৯১০ কোটি টাকার ঋণ, আগের বছরের তুলনায় যা ১৫ হাজার ৫৮৭ কোটি টাকা বা ১৮ দশমিক ২৭ শতাংশ বেশি।
চাহিদা বৃদ্ধির পাশাপাশি এসএমই খাতে বিতরণ করা ঋণ আদায় ভালো হওয়ায় ব্যাংকগুলো এখন এ খাতে বেশি জোর দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অর্থায়নকে গুরুত্ব দেওয়ায়ও ব্যাংকগুলো এখানে মনোযোগী হয়েছে।
যোগাযোগ করা হলে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম হাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কিন্তু এ ক্ষুদ্র ও মাঝারি খাত। বলা যায়, ব্যাংকগুলো এখন তাদের ভিত্তিতে ফিরে গেছে। তিনি বলেন, ‘এসএমই আমাদের সরবরাহব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, আবার বড় শিল্পের মধ্যম পণ্যেরও জোগানও দিচ্ছে। ফলে ব্যাংকগুলোর আগ্রহ তৈরি হয়েছে এ খাতে অর্থায়নের। কেন্দ্রীয় ব্যাংকও এ খাতে ব্যাংকগুলোকে উৎসাহ দিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০১৪ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও ১১ হাজার ৮৭৯ কোটি টাকার বেশি এসএমই ঋণ বিতরণ হয়েছে। শতকরা হিসাবে যা ১৩ দশমিক ৩৪ শতাংশ। তবে বিতরণের পরিমাণ বাড়লেও ঋণ নেওয়া উদ্যোক্তার সংখ্যা খানিকটা কমেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, ঋণ বিতরণ বাড়লেও গ্রাহকের সংখ্যা কমে ৫ লাখ ৪১ হাজার ৬৫৬ জনে নেমে এসেছে। আগের বছর ৭ লাখ উদ্যোক্তা এসএমই ঋণ নিয়েছিলেন। ২০১৪ সালে বিতরণ হওয়া ঋণের মধ্যে ৬২ হাজার ৭৬৭ কোটি টাকা গেছে ব্যবসায়। শিল্পে বিতরণ করা হয়েছে ৩০ হাজার ২৪৬ কোটি টাকা। আর সেবা খাতে ৭ হাজার ৮৯৭ কোটি টাকা। আবার মোট ঋণের ৫২ হাজার ৫৮৫ কোটি টাকা বা ৭ দশমিক ৮৩ শতাংশ ঋণ নিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা।
২০১৪ সালে ঋণ বিতরণ বৃদ্ধির সঙ্গে আদায়ও বেশি হয়েছে। এ সময় মোট আদায়ের পরিমাণ ছিল ৬৯ হাজার ১৭২ কোটি টাকা। আগের বছরের তুলনায় যা ২৭ হাজার ২৩৬ কোটি টাকা বা ৬৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়নি। ব্যাংকগুলোই ঠিক করেছে। তিনি বলেন, ‘আমরা বলিনি কোন খাতে কত ঋণ দিতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক চায় যাতে শিল্প খাতে বেশি ঋণ বিতরণ হয়। তাতে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তা যুক্ত হবে। যদিও ব্যাংকগুলো চায় মুনাফা করতে, সে কারণে তারা ব্যবসায় ঋণ দিতে বেশি আগ্রহী। তবে তাদের উৎসাহিত করা হয়েছে, যাতে শিল্প খাতে এসএমই ঋণ বেশি যায়।’
নির্মল চন্দ্র ভক্ত বলেন, এতে ফল হয়েছে। এ বছর শিল্প খাতে ঋণ বেশি গেছে। সেবা খাতেও বেশি বিতরণ হয়েছে। নতুন উদ্যোক্তাও বেশি এসেছেন। আবার নারী উদ্যোক্তাদের কাছেও বেশি ঋণ গেছে।