এসএমই খাতে জাইকার প্রকল্পের অর্থ ছাড় শুরু
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন আটকে ছিল জাইকা প্রকল্পে অর্থ ছাড়। সম্প্রতি এই অর্থ ছাড় শুরু হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক প্রথম দফায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনরর্থায়ন হিসেবে প্রায় ১০ কোটি টাকা দিয়েছে। চলতি সপ্তাহে আরও ছয় কোটি টাকা ছাড় করা হবে বলে জানা গেছে। প্রথম দফায় ছাড় করা অর্থ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের মাঝে বিতরণ করছে। এ তহবিল থেকে টাকা নিয়ে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলের এসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ দেওয়া হবে।কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা ৪১৫ কোটি টাকার একটি তহবিল দিয়েছে। চলতি বছরের জুলাই মাসে এই তহবিলের প্রথম কিস্তি ছাড় করে সংস্থাটি। নিয়ম অনুযায়ী এ ধরনের তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে (এফআরটিএমডি) জমা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বাজেট অনুমোদন বা অর্থ ছাড়ের অনুমতি নিয়ে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুনঃ অর্থায়নসুবিধা হিসাবে তা বিতরণ করা হয়। এই অর্থ ছাড়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগে অনুমতি চেয়ে আবেদন করে। সেখান থেকে আবেদন পাঠানো হয় একই মন্ত্রণালয়ের অর্থ বিভাগে। কিন্তু, এই দুই বিভাগের সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন জাইকা তহবিলের অর্থ পড়ে ছিল।এসব বিষয়ে গণমাধ্যমে প্রকাশের পর গত অক্টোবরের শেষ সপ্তাহে এসে অর্থ ছাড়-প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে চুক্তিবদ্ধ কয়েকটি প্রতিষ্ঠানকে নয় কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। জাইকা প্রকল্পে এই অর্থ পেতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ২১টি ব্যাংক ও ১৮টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে।