এসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদানের দাবি
দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশের কোনো বিকল্প নেই। সে জন্য এ খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সহজ শর্তে এক অঙ্কের সুদে ঋণ দিতে হবে।এসএমই খাত নিয়ে চিটাগাং চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তাগিদ দেওয়া হয়। এতে এসএমই-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং সমৃদ্ধ তথ্যভান্ডার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। চিটাগাং চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং এ খাতের উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সহায়তা করে চিটাগাং চেম্বার ও উইন্ডমিল এডুকেশনাল সার্ভিসেস।চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম গত শনিবার কর্মসূচিটির উদ্বোধন করেন, যা কাল মঙ্গলবার পর্যন্ত চলবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিটির অধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আশরাফুল আলম। প্রশিক্ষক হিসেবে ছিলেন আইএফসির সাব্বির রহমান। মাহবুবুল আলম এসএমই খাতকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করেন।