এসএমই খাতে ৭০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ
২০১২ সালে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) ৭০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই ঋণ বিতরণ করেছে। এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার তুলনায় যা ১৮ শতাংশ বেশি। এর আগের বছর এ খাতে ঋণ দেওয়া হয়েছিল ৫৩ হাজার ৭১৯ কোটি টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় ১৬ হাজার ৩৪ কোটি টাকা বা প্রায় ৩০ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়।তবে এসএমই খাতে ঋণ বিতরণ নিয়ে সাধারণ এক ধারণা তৈরি হয়েছে যে এ ঋণের পুরো অর্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে যাচ্ছে না। যদিও বাংলাদেশ ব্যাংক বলে আসছে মোটামুটি সঠিকভাবেই এসএমই খাতে ঋণ ব্যবহার হচ্ছে। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ভালো কোনো সমীক্ষা তৈরি করে প্রকাশ করেনি। উপরন্তু বলা হয়ে থাকে এসএমই ঋণ অন্য খাতে বিশেষত ফাটকা কারবারে ব্যবহার হয়েছে।২০১২ সালের জন্য এসএমই খাতে ৫৯ হাজার ১২ কোটি ৭৮ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বছর শেষে বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭৫৩ কোটি টাকা। এর মধ্যে ব্যবসা খাতে বিতরণ হয়েছে ৪৪ হাজার ২২৩ কোটি টাকা বা ৬৩ দশমিক ৪০ শতাংশ। উৎপাদন খাতে বিতরণ হয়েছে ২১ হাজার ৮৯৬ কোটি টাকা বা মোট ঋণের ৩১ দশমিক ৩৯ শতাংশ এবং সেবা খাতে দেওয়া হয়েছে তিন হাজার ৬৩৪ কোটি টাকা বা ৫ দশমিক ২১ শতাংশ। সেবা খাতে আগের বছর মোট ঋণের ৬ দশমিক ৫৭ শতাংশ ঋণ বিতরণ হয়।উৎপাদন এবং সেবা খাতের বিনিয়োগে বেশি কর্মসংস্থান হয় বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে এই দুটি খাতে ঋণদিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হয়। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা খাতেই বেশি ঋণ দিয়েছে।আগের বছরের তুলনায় ২০১২ সালে ব্যবসা খাতে ঋণ বিতরণ বেড়েছে ২৮ দশমিক ৬২ শতাংশ, উৎপাদন খাতে বেড়েছে ৩৮ দশমিক ৫৩ শতাংশ এবং সেবা খাতে বেড়েছে ২ দশমিক ৯৩ শতাংশ।