ঢাকায় শুরু হয়েছে এসএমই মেলা। এই মেলা এবং বাজেট সামনে রেখে দেশের এসএমই খাত নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম

প্রথম আলো: দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের সামগ্রিক অবস্থা সম্পর্কে বলুন।
ইহসানুল করিম: এসএমই খাত সারা বিশ্বে উন্নয়নের চালিকাশক্তি। পুঁজি লাগে কম, তাই স্থাপন করাও সহজ। আবার আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদও যথেষ্ট শক্তিশালী হয়নি। সে কারণে দেশে এসএমই খাতে প্রচুর ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ২০০৯ সালে বিবিএসের পরিচালিত এক জরিপ অনুযায়ী, দেশে এসএমই শিল্পের সংখ্যা ৯৩ হাজার। আর গত বছর পরিচালিত অর্থনৈতিক শুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে উৎপাদনশীল খাতে এসএমই প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭ হাজার ১২৯। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্পের অবদান ২৮ শতাংশ। আর এসএমই খাতের অবদান ২৫ শতাংশের মতো। কারণ, মোট শিল্পের প্রায় ৯৫ শতাংশই এসএমই।
প্রথম আলো: এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন কতটুকু ভূমিকা রাখছে?
ইহসানুল করিম: ধরুন, কেউ একজন ব্যবসা করতে চান। তাঁর টাকা নেই, পরিকল্পনা আছে কিংবা টাকা আছে, বাজার-সুবিধা নেই কিংবা ব্যবসা সম্পর্কে ভালো ধারণা আছে কিন্তু টাকা নেই। এমন ব্যক্তিদের আমরা সমন্বিত সেবা দিই। আমরা তাঁদের ব্যবসার পরিকল্পনা দিই, প্রযুক্তি সম্পর্কে ধারণা দেই, প্রশিক্ষণ দিই এমনকি প্রয়োজনে ঋণের ব্যবস্থাও করে দিই। বিশেষ করে বাজারের সঙ্গে উদ্যোক্তাদের আমরা সংযোগ করে দিই। ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেয় না এ জন্য যে তৈরি পণ্য বাজারে বিক্রি হবে কি না, তার নিশ্চয়তা নেই। যদি না হয় তাহলে ওই উদ্যোক্তা সেই ঋণের টাকা শোধ করতে পারবেন না। এসব দিক বিবেচনা করে ব্যাংক উদ্যোক্তাদের ঋণ দেয়। আর এ বিষয়টি মাথায় রেখেই আমরা উদ্যোক্তাদের বাজারের সঙ্গে সংযোগ রক্ষার কাজটি করে থাকি। আবার এসএমই উদ্যোক্তাদের শুল্ক ও অশুল্ক বাধা চিহ্নিত করে সরকারের কাছে এর সমাধানের জন্য সুপারিশও করে থাকে ফাউন্ডেশন।
প্রথম আলো: এবারের এসএমই মেলা নিয়ে কিছু বলুন।
ইহসানুল করিম: এসএমই মেলাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেসব কার্যক্রম পরিচালনা করি তার প্রতিফলন ঘটে এই মেলায়। আমাদের সহায়তা নিয়ে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের পণ্য এখানে প্রদর্শিত হয়। এর মধ্য দিয়ে তাঁদের পণ্যের বাজার বাড়ে। অন্যদিকে উদ্যোক্তা হতে আগ্রহী কেউ মেলায় এসে উদ্যোক্তাদের সঙ্গে কথা বললে অনুপ্রাণিত হতে পারেন। উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষিত রেখেই আমরা মেলা আয়োজন করি। যেমন—গত বছর মেলায় ১০৭টি স্টল ছিল, উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবার স্টল রাখা হয়েছে ১৫০টি। গত বছর প্রতিটি স্টলের ভাড়া ছিল ১০ হাজার টাকা। সেবার উদ্যোক্তারা ভাড়া কমানোর দাবি জানিয়েছিলেন। তাই এবার ভাড়া সাত হাজার টাকা করা হয়েছে। অথচ, প্রতিটি স্টলের জন্য আমাদের ব্যয় হয়েছে ৬২ হাজার টাকা।
প্রথম আলো: এসএমই উদ্যোক্তাদের বড় সমস্যা ঋণ না পাওয়া। এ ক্ষেত্রে আপনার মত কী এবং ফাউন্ডেশনের করণীয় কী?
ইহসানুল করিম: বর্তমানে প্রায় সব ব্যাংকই এসএমই ঋণ দেয়। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও আছে। যদিও তাদের ঋণের সুদের হার অনেক বেশি। আমরা এসএমই ফাউন্ডেশন থেকেও উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকি। উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে এ ঋণ পান। এর জন্য কোনো জামানত দিতে হয় না। তবে এ ঋণ সরাসরি দেওয়া হয় না। বর্তমানে ট্রাস্ট ব্যাংক, ইবিএল, এনসিসি ব্যাংক এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের মাধ্যমে এ ঋণ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মহিলা উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ সুদে অর্থায়নের একটি স্কিম আছে। একটা সময় উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতেন না। তবে বর্তমানে ব্যাংকগুলো অনেক বন্ধুসুলভ হয়েছে। তারা আগের চেয়ে অনেক বেশি ঋণ দিচ্ছে। তারা যেন আরও বেশি ঋণ দেয় সে জন্য এসএমই ফাউন্ডেশন কাজ করছে। যে ব্যাংক বেশি এসএমই খাতে ঋণ দেবে সেই ব্যাংককে এখন থেকে পুরস্কৃত করবে ফাউন্ডেশন। আগামী জুন থেকেই এটা চালু হতে পারে।
প্রথম আলো: নারী উদ্যোক্তাদের জন্য আপনারা কী করছেন?
ইহসানুল করিম: আমাদের একটা স্বতন্ত্র বিভাগই আছে নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য। নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন খাত চিহ্নিত করতে নিয়মিত গবেষণা করা হচ্ছে। যেমন—সাম্প্রতিক সময়ে নারী উদ্যোক্তাদের ডে-কেয়ার সেন্টার গড়তে উৎসাহী করা হচ্ছে। এটা যেমন নতুন ধারণা, তেমনি উদ্যোক্তাদের জন্য লাভজনকও। নারী উদ্যোক্তাদের আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, নকশাসহ নানা ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। আবার তাঁদের পণ্যের বিপণনেও সহায়তা করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রতিবছর এসএমই ফাউন্ডেশন জাতীয় নারী উদ্যোক্তা পুরস্কার দিয়ে আসছে।
প্রথম আলো: সামনেই বাজেট। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কেমন নীতি-সহায়তা আশা করেন?
ইহসানুল করিম: প্রণোদনা না পেলে কেউ উদ্যোক্তা হয়ে উঠতে পারেন না। গুরুত্বপূর্ণ খাত হিসেবে এসএমই খাতে প্রণোদনা আরও বেশি প্রয়োজন। বাজেটের আগে আমরা প্রতিটি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে একটি সমন্বিত সুপারিশমালা তৈরি করি। সেটা নিয়ে আমরা এনবিআরের সঙ্গে বৈঠক করি। দেশীয় পণ্যের স্বার্থ সংরক্ষণই বাজেটের মূল প্রতিপাদ্য হওয়া উচিত। কারণ, স্থানীয় উদ্যোক্তারা এই সমস্যায় বেশি পড়েন। সে জন্য স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের কাঁচামাল আর সম্পূর্ণ তৈরি ওই পণ্যের মধ্যে শুল্ক পার্থক্য বেশি হওয়া উচিত।
[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]