এসএমই নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাংলাদেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর তাই এ খাতের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করে একটি এসএমই নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার।গতকাল রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এই প্রস্তাব দেন।জবাবে শিল্পমন্ত্রী বলেছেন, ২০১১ সাল হবে বিনিয়োগের বছর। ওই বছর প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তারাও বিনিয়োগ বাড়াবেন। কারণ, ইতিমধ্যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমান সরকারও একটি শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তাদের মধ্যে আস্থা তৈরি করেছে। মন্ত্রী আরও বলেন, চলতি ২০১০ সালকে বিনিয়োগের ভিত্তি বছর হিসেবে ধরা হয়েছে। এ বছরের মধ্যে অবকাঠামোগত সমস্যার মধ্যে সড়ক যোগাযোগ উন্নয়ন, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থার অনেক উন্নয়ন করা হবে, যা পরের বছরে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন উপস্থিত ছিলেন। দিলীপ বড়ুয়া আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে শিল্পায়নের মাধ্যমে দেশে কর্মসংস্থান বাড়িয়ে দারিদ্র্য বিমোচন করা। এ জন্য ইতিমধ্যে শিল্পনীতি প্রণয়নের কাজ শেষ হয়েছে। অচিরেই এটি মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে। শিল্পনীতিতে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিল্প স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, শিল্পনীতিতে মন্ত্রণালয়ের অধীনে একটি শক্তিশালী গবেষণা ও উন্নয়ন সেল গঠনের প্রস্তাব রাখা হয়েছে। বৈঠকে ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান সম্প্রতি ঘোষিত খসড়া শিল্পনীতিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, এতে বেসরকারি খাতকে রক্ষা ও সম্প্রসারণের জন্য প্রস্তাবিত শিল্পনীতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবুল কাসেম খান কর-কাঠামো সংস্কার, জ্বালানি সমস্যার সমাধান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সুদের উচ্চ হার হ্রাসের সুপারিশ করেন। ডিসিসিআইয়ের সভাপতি বর্তমান জলবায়ু সংকটের পরিপ্রেক্ষিতে পাটের তৈরি কাগজ এবং পাল্পের ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানান। তিনি জ্বালানি সমস্যা সমাধানের লক্ষ্যে এলএনজি আমদানির পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ এবং জাতীয় কয়লানীতি প্রণয়ন ত্বরান্বিত করার প্রস্তাব করেন। তিনি ২০১১ সালকে বিনিয়োগ বর্ষ হিসেবে ঘোষণা করার জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান, সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক মো. ইয়াদ আলী ফকির, টি আই এম নূরুল কবীর, নেসার মাকসুদ খান, আসিফ ইব্রাহিম, কে জি করিম, এম এস সেকিল চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া ডিসিসিআইয়ের পরিচালক রফিকুল ইসলাম খান, এম এ বাতেন, মাহবুব আনাম, ওয়াকার আহমেদ চৌধুরী, এম আনওয়ারুল হক, নাসির হোসেন, মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।