এসএমই পণ্যে ভিয়েতনামে শুল্কসুবিধা পেতে পারে বাংলাদেশ
বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) পণ্য রপ্তানিতে শুল্কসুবিধা দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করছে ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নির্ধারিত কাঠামোর আওতায় এ সুযোগ দেওয়ার চেষ্টা করবে দেশটি।ঢাকায় গতকাল রোববার এক বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাংলাদেশকে গুণগত মানসম্পন্ন এসএমই পণ্য রপ্তানিতে শুল্ক ছাড় দেওয়ার আহ্বান জানালে ভিয়েতনামের সফররত শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভু হাই হোয়াং এসব কথা বলেন। তিনি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিন, এ দেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়াং তু, ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি কুয়ক হাং, বিভাগীয় প্রধান নগুয়েন পাক নাম প্রমুখ উপস্থিত ছিলেন।ভু হাই হোয়াং বলেন, বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পে তাঁর দেশের উদ্যোক্তারা বিনিয়োগ করবেন। তিনি বলেন, জাহাজ নির্মাণশিল্প খাতে ভিয়েতনামের অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর করা যেতে পারে। আর সিমেন্ট, ওষুধ, প্লাস্টিক, সিরামিক, চামড়াসহ দুই দেশের জন্য অভিন্ন সম্ভাবনাময় শিল্প খাতে যৌথ বিনিয়োগ করে উভয় দেশই লাভবান হতে পারে।বিনিয়োগের অনুরোধ : বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে ভিয়েতনামের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল সফররত ভিয়েতনাম প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিন। ২০১১-১২ অর্থবছরে ভিয়েতনাম থেকে বাংলাদেশে ৩০ কোটি ১৪ লাখ ডলারের পণ্য আমদানি হয়। আর এ দেশ থেকে রপ্তানি হয় চার কোটি ৪৫ লাখ ডলারের পণ্য।