এসএমই ফাউন্ডেশন ও এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংক ক্ষুুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে গুচ্ছঋণ প্রদানের যে উদ্যোগ নিয়েছে, সেটাকে আরও জোরদার করতে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন।এ ব্যাপারে ঢাকার একটি হোটেলে এসএমই ফাউন্ডেশন ও এনসিসি ব্যাংকের মধ্যে গত মঙ্গলবার একটি চুক্তি হয়েছে।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বল্প সুদে গুচ্ছঋণ প্রদানের জন্য এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের হাতে দুই কোটি টাকার রেপ্লিকা চেক তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ শাহরিয়ার আলম ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী মফিদুল হক, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।এই চুক্তি অনুযায়ী নিজস্ব তহবিল থেকে গুচ্ছ অর্থায়নের জন্য এনসিসি ব্যাংককে দুই কোটি টাকা প্রদান করবে। এনসিসি ব্যাংক মাত্র নয় শতাংশ সুদে তা নীলফামারী জেলার সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস শিল্প এবং রাজশাহী জেলার চারঘাট উপজেলার নীমতলী ইউনিয়নের কালুহাটি গ্রামের পাদুকাশিল্পে ঋণ দেবে।এর মধ্যে সৈয়দপুরের জন্য ‘এনসিসিবি-গার্মেন্টস ওয়্যার ক্লাস্টার’ আর কালুহাটির জন্য ‘এনসিসিবি-ফুটওয়্যার ক্লাস্টার’ শীর্ষক দুটি ঋণপণ্য চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি।