এসএমই ফাউন্ডেশনের এজিএম অনুষ্ঠিত

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এজিএমে এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২০১২-১৩ সময়ের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম।
সাধারণ সভায় এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচির আরও সম্প্রসারণের পরামর্শ দেন সাধারণ পরিষদের সদস্যরা। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান ব্যাংকিং সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান আশা করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ উপস্থিত সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে দেশের এসএমই খাতের বিস্তার ও উন্নয়নে যে কোনো পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
এজিএমে এসএমই ফাউন্ডেশনের সাধারণ পর্ষদের সদস্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বিটাকের মহাপরিচালক মো. আবদুল মতিন, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক রাজিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।