এসএমই ফাউন্ডেশনের বার্ষিক ও বিশেষ সাধারণ সভা
এসএমই ফাউন্ডেশনের বিশেষ সাধারণ সভা ও সপ্তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার ঢাকায় সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় ফাউন্ডেশনের চেয়ারপারসন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সভাপতিত্ব করেন। এতে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান, পরিচালকদের মধ্যে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ হোসেন, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিটাকের মহাপরিচালক আবদুল মতিন, বুয়েটের অধ্যাপক ড. এম কামাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, বেঙ্গল প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম, চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, নাসিবের সভাপতি শেখ মো. আবদুস সোবহান, বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ও গ্লোরিয়া ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজের এনায়েত হোসেন চৌধুরী বক্তব্য দেন।এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য দেন মো. মুজিবুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, নাভাষ চন্দ্র মণ্ডল, নাসির উদ্দিন, সুকোমল সিংহ চৌধুরী, আখতারুজ্জামান, প্রীতি চন্দ্র, রাজিয়া বেগম, ইউসুফ আশরাফ, মানতাশা খানম, রাশেদুল করিম, হাসিনা নেওয়াজ, ফারজানা হক প্রমুখ। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণ সভায় বক্তারা দেশে এসএমই খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচির আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেসব কার্যকর নীতিমালা ও পদক্ষেপ হাতে নিয়েছে তাতে দেশের এসএমই খাতের উন্নয়ন ও বিকাশে অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও দাতা সংস্থাগুলো এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।