এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।একই সঙ্গে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমকে ফাউন্ডেশনের দায়িত্ব দিয়েছে এসএমই ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড। গতকাল মঙ্গলবার বিকেল থেকেই তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।ফাউন্ডেশন কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ৫৭তম বোর্ডসভায় রেজওয়ানুল কবির লিখিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতি চান। ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে।২০০৯ সালের মার্চে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সৈয়দ রেজওয়ানুল কবিরকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০১৩ সালের মার্চে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা।সদ্য পদত্যাগী ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানুল কবির প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।তবে এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম এসএমই ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সবচেয়ে জ্যেষ্ঠ পরিচালক। সে কারণে ফাউন্ডেশনের বিভিন্ন বিষয়ে রেজওয়ানুল কবিরের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল। গতকালের বোর্ডসভায় একপর্যায়ে রেজওয়ানুল কবির দায়িত্ব পালন করতে পারছেন না বলে অভিযোগ তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে সভাস্থলেই পদত্যাগপত্র দেন রেজওয়ানুল কবির। তা আবার গ্রহণও করে পরিচালনা বোর্ড।