এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি পরবর্তী আদেশ জারি না হওয়ার পর্যন্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে অবশ্য দুই বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আফতাব-উল ইসলাম। ২০০৯ সালের ২৪ আগস্ট শিল্প মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ী নেতা আফতাব-উল ইসলামকে দুই বছরের জন্য এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। দুই বছর পূর্ণ হওয়ার পর সরকারিভাবে আফতাব-উল ইসলামের দায়িত্বের মেয়াদ আর না বাড়ানোয় পদটি কার্যত শূন্য হয়ে পড়ে। এ জন্য গত রোববার শিল্প মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।যোগাযোগ করা হলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এর আগেও আমি প্রায় আট মাস এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০০৯ সালের ২৪ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফতাব-উল ইসলামকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ইতিমধ্যে তাঁর মেয়াদ শেষ হয়ে গেছে। তার পরও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশ না আসায় তাঁর মেয়াদ বাড়ানোর বিষয়ে শিল্প মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘পদটি শূন্য হয়ে যাওয়ায় আবার দায়িত্ব নিয়েছি। সরকার আবার অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলে এ পদ থেকে সরে যাব।’অন্যদিকে এসএমই ফাউন্ডেশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান আফতাব-উল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের ৮ সেপ্টেম্বর দুই বছরের জন্য দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই আমাকে এ পদ থেকে সরিয়ে দিয়ে শিল্পমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন।’আফতাব আরও জানান, তাঁর কাছে এখনো কোনো লিখিত আদেশ আসেনি। তবে আদেশটি গতকাল তাঁকে টেলিফোনে পড়ে শোনানো হয়েছে।