এসএমই ফাউন্ডেশনের সম্মাননা পেলেন চার কৃতী নারী উদ্যোক্তা
তিন নারী উদ্যোক্তাকে বর্ষসেরা জাতীয় নারী উদ্যোক্তা পুরস্কার-২০১২ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন।বর্ষসেরা মাইক্রো নারী উদ্যোক্তা পদক দেওয়া হয়েছে রাজশাহীর এসএন ফ্যাশনের নিলুফা ইয়াসমিনকে। চট্টগ্রামের গুলসানা আলী হয়েছেন বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা আর বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা হয়েছেন জামালপুরের দিপ্ত কুটিরের দেলুয়ারা বেগম। এ ছাড়া বিবি রাসেলকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এই চার নারী উদ্যোক্তার হাতে সম্মাননা তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে একটি পদক (ক্রেস্ট), সনদ এবং দুই লাখ করে টাকা দেওয়া হয়েছে।এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মেট্রো চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান উপস্থিত ছিলেন।